আজ থেকে প্রায় ৬ বছর আগে করোনার সময় সংক্রমণ চিহ্নিত করতে শুরু হয়েছিল আরোগ্য সেতু (Aarogya Setu) অ্যাপ। তবে এবার সেই অ্যাপই ফিরছে একেবারে নতুন রূপে। কেন্দ্র সরকার চালু করছে Aarogya Setu 2.0। এখন আর একটিমাত্র পরিষেবা নয়। এক অ্যাপেই মিলবে সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা।
এই অ্যাপের মাধ্যমে নিজের স্বাস্থ্য সংক্রান্ত নথি এক জায়গায় রাখা, নিজেদের কাছাকাছি হাসপাতাল খোঁজা, ডাক্তার দেখানোর জন্য নাম নথিভুক্ত করা, স্বাস্থ্য বিমার তথ্য জানা-সহ একাধিক কাজ খুব সহজে করা যাবে। (Aarogya setu 2.0 app features)
Aarogya Setu 2.0-তে কী কী নতুন সুবিধা মিলবে? দেখে নিন এক নজরে—
১. ABHA Health ID তৈরি করা: অ্যাপ থেকেই সহজে ABHA Health ID তৈরি করা যাবে। এই আইডির মাধ্যমে আপনার সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি জায়গায় থাকবে।
কী এই ABHA Health ID? কীভাবে তৈরি করবেন? জানতে ক্লিক করুন: ABHA Card কী? কারা পাবেন সুবিধা? কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
২. সমস্ত চিকিৎসার নথি ডিজিটালভাবে সংরক্ষণ করা: প্রেসক্রিপশন, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, এক্স-রে, হাসপাতালের কাগজপত্র—সবকিছু এই অ্যাপের মাধ্যমে মোবাইলেই নিরাপদে সংরক্ষণ করা যাবে। কাগজপত্র সঙ্গে নিয়ে ঘোরার আর দরকার হবে না।
৩. কাছাকাছি হাসপাতাল ও ডাক্তার খোঁজা: এই অ্যাপের মাধ্যমে নিজের এলাকার হাসপাতাল, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার বা ব্লাড ব্যাঙ্ক খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।
৪. হাসপাতালে OPD-র জন্য দ্রুত নাম নথিভুক্ত করা: ‘স্ক্যান অ্যান্ড শেয়ার’ (Scan and Share) সুবিধার মাধ্যমে অংশগ্রহণকারী হাসপাতালগুলিতে OPD-র জন্য দ্রুত রেজিস্ট্রেশন করা যাবে। এতে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না। (Aarogya setu 2.0 app features)
৫. অনলাইনে বিল পেমেন্ট: QR কোড স্ক্যান করে হাসপাতালের বিল অনলাইনেই মেটানো যাবে। ফলে আর ক্যাশ টাকা নিয়ে চিন্তা করতে হবে না।
৬. পরিবারের সবার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একসঙ্গে রাখার ব্যবস্থা: একটি অ্যাকাউন্ট থেকেই পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও দেখা ও পরিচালনা করা যাবে। বিশেষ করে বয়স্ক বা ছোটদের ক্ষেত্রে এটি খুবই সুবিধাজনক।
৭. আয়ুষ্মান ভারতের সুবিধা সম্পর্কে জানা: যাঁরা আয়ুষ্মান ভারত (PM-JAY) প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁরা এই অ্যাপের মাধ্যমে কোন হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে, কী কী চিকিৎসা মিলবে সেই সম্পর্কিত তথ্য অ্যাপ থেকেই জানতে পারবেন।
৮. ব্যক্তিগত তথ্য থাকবে একদম সুরক্ষিত: আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কোনও হাসপাতাল বা চিকিৎসকের সঙ্গে ভাগ করার আগে আপনার অনুমতি নেওয়া হবে। তাই নিজের তথ্যের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে। (Aarogya setu 2.0 app features)
৯. DigiLocker-এ রাখা যাবে নথি: স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র DigiLocker-এ নিরাপদে সংরক্ষণ করা যাবে। ফলে প্রয়োজনের সময় সহজেই সেগুলি ব্যবহার করা যাবে।
১০. এক অ্যাপেই সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা: আগের মতো বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সুবিধার জন্য আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না। চিকিৎসা সংক্রান্ত প্রায় সব পরিষেবাই এবার একটি অ্যাপ থেকেই পাওয়া যাবে।
সাধারণ মানুষের কী সুবিধা হবে?
অনেক সময় আগের রিপোর্ট বা প্রেসক্রিপশন খুঁজে না পাওয়ায় একই পরীক্ষা বারবার করতে হয়। Aarogya Setu 2.0-তে সব তথ্য এক জায়গায় থাকলে সেই সমস্যা অনেকটাই কমবে। চিকিৎসকও রোগীর আগের চিকিৎসার তথ্য সহজে দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। সম্প্রতি WHO (World Health Organization)-ও এই ডিজিটালভাবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণের বিষয়টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপ যত বেশি মানুষ ব্যবহার করবেন এবং যত বেশি হাসপাতাল এর সঙ্গে যুক্ত হবে, ততই এই অ্যাপ বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে, সেবিষয়েও এই অ্যাপে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।








