রাজ্যে বিদ্যুৎ চুরি ও হুকিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার নয়া অ্যাপ চালু করছে রাজ্য সরকার। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘বিদ্যুৎ প্রহরী’ (Vidyut Prahari) নামে একটি নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে বিদ্যুৎ চুরি, হুকিং কিংবা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সরাসরি বিদ্যুৎ দফতরে জানাতে পারবেন। একই সঙ্গে এদিন তিনি জানান অবৈধভাবে তৈরি ভবন গুলিতে খুব শীঘ্রই বিদ্যুৎ এবং জলের সংযোগ ছিন্ন করা হবে।
কীভাবে কাজ করবে ‘Vidyut Prahari App’ অ্যাপ?
এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য হলো, কোনও এলাকায় যদি বেআইনিভাবে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বা বিদ্যুৎ চুরির ঘটনা চোখে পড়ে, তাহলে ব্যবহারকারী মোবাইল থেকেই সেই ঘটনার ছবি, ভিডিয়ো বা প্রয়োজনীয় তথ্য আপলোড করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ সরাসরি বিদ্যুৎ দফতরে পৌঁছে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অভিযোগকারীর নাম-পরিচয় বা ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। ফলে কোনও ধরনের হয়রানির আশঙ্কা ছাড়াই সাধারণ মানুষ নির্ভয়ে তথ্য দিতে পারবেন।
২৪ ঘণ্টা নজরদারি থাকবে বিদ্যুৎ ভবনের
সরকার জানিয়েছে, এই অ্যাপ চালানোর জন্য বিদ্যুৎ ভবনে একটি বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে ২৪ ঘণ্টা এই অ্যাপের মাধ্যমে আসা অভিযোগগুলির উপর নজর রাখা হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দফতরে তা পাঠানো হবে এবং দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হবে। এতে বিদ্যুৎ চুরি রোধের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে মনে করছে প্রশাসন।
শুধু বিদ্যুৎ চুরি নয়, পরিষেবা সংক্রান্ত অভিযোগও জানানো যাবে
‘Vidyut Prahari App’ অ্যাপটি শুধুমাত্র হুকিং বা বিদ্যুৎ চুরির অভিযোগ জানানোর জন্য নয়। বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেমন কোথাও বৈদ্যুতিক অবকাঠামোর ত্রুটি, বিপজ্জনক সংযোগ, পরিষেবার অসুবিধা বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেও এই অ্যাপের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ তফতরে তথ্য পাঠানো যাবে।
কবে থেকে চালু হবে?
মঙ্গলবার মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা করলেও, এখনও অ্যাপটি চালু হয়নি। তবে সমস্ত প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই খুব শীঘ্রই অ্যাপটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করা হবে।
কোথা থেকে ডাউনলোড করবেন?
অ্যাপটি চালু হওয়ার পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Play Store এবং আইফোন ব্যবহারকারীরা Apple App Store থেকে ‘Vidyut Prahari’ নামে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দফতর ও বিদ্যুৎ বণ্টন সংস্থার সরকারি ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমেও ডাউনলোডের লিঙ্ক প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
Aadhaar কেন্দ্রে ছুটতে হবে না, বাড়িতে বসেই ঠিকানা, ফোন নম্বর বদল,কীভাবে করবেন? জেনে নিন
কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?
রাজ্যে বিদ্যুৎ চুরি ও হুকিংয়ের কারণে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। বেআইনি সংযোগ থেকে অগ্নিকাণ্ড, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মতো ঘটনা ঘটতে পারে। তাই এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি নজরদারির অংশীদার করে বিদ্যুৎ চুরি রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের বিশ্বাস, ‘বিদ্যুৎ প্রহরী’ চালু হলে অবৈধ হুকিং অনেকটাই কমবে এবং বিদ্যুৎ পরিষেবার মানও আরও উন্নত হবে।











