---Advertisement---
lifezone nursing home

সোনারপুরে হামলা, বাড়ল অভিষেকের নিরাপত্তা

May 31, 2026 12:33 PM
---Advertisement---

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বাংলাই নয়, জাতীয় রাজনীতিতেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা অভিষেকের সঙ্গে যোগাযোগ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। (Abhishek Banerjee)

ভোটের ফল ঘোষণার প্রায় ২৬ দিন পর শনিবার রাজনৈতিক কর্মসূচিতে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ তাঁর কনভয় লক্ষ্য করে ডিম, ইট ও পাথর ছুড়তে শুরু করে। ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার মধ্যে অভিষেকের জামা ছিঁড়ে যায় বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ঘটনার সময় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে হেলমেট পরিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন। (Abhishek Banerjee)

ঘটনার পর অভিষেককে চিকিৎসার জন্য একাধিক হাসপাতালে যেতে দেখা যায়। হামলার তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে অভিষেককে নিশানা করা হয়েছিল। মমতার দাবি, স্থানীয় ছেলেরা দ্রুত উদ্যোগ না নিলে এবং তাঁকে হেলমেট না পরালে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তিনি বলেন, যেভাবে পাথর ছোড়া হয়েছে তাতে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সোনারপুরের ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা অভিষেকের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তরফেও যোগাযোগ করা হয়। পাশাপাশি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা সমাজমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিসরে এ ধরনের রাজনৈতিক হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। (Abhishek Banerjee)

রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী ৬ জুন ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, সম্প্রতি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও আলোচনা হয়েছে। ফলে অভিষেকের উপর হামলার ঘটনাকে ঘিরে জাতীয় স্তরেও রাজনৈতিক সমীকরণ নতুন করে আলোচনায় উঠে এসেছে। (Abhishek Banerjee)

এদিকে ঘটনার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, তাঁকে এক্স-ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ তিনজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন। বর্তমানে তাঁর সঙ্গে দু’জন নিরাপত্তারক্ষী থাকলেও সোনারপুরের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হয়েছে।

তৃণমূল সরকারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেতেন। বিভিন্ন জেলা সফরে তাঁর কনভয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হতো। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেন। এরপরই অভিষেকের বাড়ির সামনের পুলিশি নিরাপত্তাও তুলে নেওয়া হয় এবং জানানো হয়, একজন সাংসদ হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তাই তিনি পাবেন। সেই অনুযায়ী এতদিন তাঁর সঙ্গে দু’জন নিরাপত্তারক্ষী থাকতেন। কিন্তু শনিবারের হামলার ঘটনার পর নতুন করে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Abhishek Banerjee)

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সুযোগ নিয়েই হামলাকারীরা আক্রমণ চালিয়েছে। অন্যদিকে বিরোধীরা গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। সব মিলিয়ে সোনারপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। (Abhishek Banerjee)

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৪, আটক বহু


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “সোনারপুরে হামলা, বাড়ল অভিষেকের নিরাপত্তা”

Leave a Comment