---Advertisement---
lifezone nursing home

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫, আটক বহু

May 31, 2026 12:29 PM
Abhishek Banerjee
---Advertisement---

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার প্রয়াত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েন অভিষেক। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। সেই ঘটনার পরেই তদন্ত শুরু করে রাতভর তল্লাশি চালায় সোনারপুর থানার পুলিশ। রবিবার সকাল পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করার খবর সামনে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিভিন্ন ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। সেই সূত্র ধরেই ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই তৃণমূল কর্মী হিসাবেই স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত। হামলার সময় তাঁদের ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলেও তদন্তকারীদের দাবি। (Attack on Abhishek Banerjee)

ধৃতদের মধ্যে রয়েছেন, আকাশ গায়েন, কাজল দাস, দেবাশীষ দত্ত, নির্মাল্য সেনগুপ্ত, তপন মাইতি নামের ৫ ব্যক্তি। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা, বেআইনি জমায়েত, পথ আটকানো এবং গালিগালাজ করার মতো অভিযোগে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত সে বিষয়েই জানতে চায় তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে। কেউ যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে তার জন্য এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, শনিবার সোনারপুরে প্রয়াত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরো ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। পরে তৃণমূল কর্মীর বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময়ও তিনি তুমুল হেনস্তার মুখে পড়েন। এই ঘটনার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

ভর্তি নিল না দুই নার্সিংহোম, বেলভিউ হাসপাতালে CEO-কে ফোন করে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশি নিরাপত্তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর প্রথমে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। পরে আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেও একই মত দেন চিকিৎসকেরা। (Attack on Abhishek Banerjee)

এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে অভিষেকের চিকিৎসা করতে দেয়নি বিজেপি সরকার। একই সঙ্গে তিনি জানান, আপাতত বাড়িতেই অভিষেকের চিকিৎসা চলবে। প্রয়োজন অনুযায়ী স্যালাইন, অক্সিজেন-সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা বাড়িতেই দেওয়া হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫, আটক বহু”

Leave a Comment