গুয়াহাটির একটি উড়ালপুলে স্ত্রীর জন্মদিন উদযাপন করতে গিয়ে বিপাকে পড়লেন অসমের এক ব্যবসায়ী। মাঝরাতে সরকারি পরিকাঠামোকে কার্যত ব্যক্তিগত পার্টির মঞ্চে পরিণত করার অভিযোগে ব্যবসায়ী গৌতম বরুয়ার পাশাপাশি তাঁর স্ত্রী করবি বরুয়া-সহ মোট ১৪ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পুলিশ। ইতিমধ্যেই চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনায় তদন্ত শুরু হয়েছে। (Guwahati Flyover Viral Birthday Celebration)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ জুন রাত প্রায় ১২ টা ১০ মিনিট নাগাদ গুয়াহাটির একটি উড়ালপুলে করবি বরুয়ার ৪২ তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন তাঁর স্বামী গৌতম বরুয়া। উত্তর গুয়াহাটির বাসিন্দা ওই ব্যবসায়ী বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠদের নিয়ে উড়ালপুলের উপরেই জন্মদিনের অনুষ্ঠান করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, উড়ালপুলের উপর লাল গালিচা বিছানো হয়েছে, চারদিকে বেলুন দিয়ে সাজানো এলাকা। রাস্তার ধারে জ্বালানো হয়েছে ফাউন্টেন আতশবাজি। সেই লাল গালিচা ধরে হেঁটে আসছেন জন্মদিনের নায়িকা করবি বরুয়া। পরে স্বামীকে তাঁর হাতে কেক তুলে দিতেও দেখা যায়। (Guwahati Flyover Viral Birthday Celebration)
ভিডিয়োগুলি ভাইরাল হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি উড়ালপুল কীভাবে ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হল ? অভিযোগ ওঠে, অনুষ্ঠানের জন্য একাধিক গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যা জনচলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
এরপরই তদন্তে নামে গুয়াহাটি পুলিশ। তদন্তের ভিত্তিতে গৌতম বরুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভরালুমুখ থানায় ৭৯/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। (Guwahati Flyover Viral Birthday Celebration)
পুলিশের দাবি, ঘটনায় জড়িত মোট ১৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত এখনও চলছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ। একটি জন্মদিনের উদযাপন কীভাবে আইনি জটিলতায় পরিণত হল, তা নিয়েই এখন জোর চর্চা অসমজুড়ে। (Guwahati Flyover Viral Birthday Celebration)
আরও পড়ুন :- IVF ক্লিনিকেই বদলে যায় ভ্রূণ, অন্যের সন্তান জন্ম দিলেন দিল্লির মহিলা!









