ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর প্রথমবার সিউড়ির জেলা তৃণমূল কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর সেখানেই আচমকা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। বুধবার বিকেলে অনুব্রত মণ্ডল দলীয় কার্যালয়ে বসে থাকার সময়ই হঠাৎ তিন যুবক চ্যালা কাঠ হাতে সেখানে ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর শুরু হয় ভাঙচুর। ঘটনায় ইতিমধ্যেই ওই তিন যুবককে আটক করেছে পুলিশ। (Attack on Anubrata Mondal)
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা কয়েকজন যুবক হাতে চ্যালা কাঠ নিয়ে দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন। প্রথমে তাঁরা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুব্রতর সামনে থাকা কাঁচের টেবিলে চ্যালা কাঠ দিয়ে সজোরে আঘাত করা হয়। আঘাতে টেবিলটি ভেঙে যায়। শুধু টেবিল নয়, কার্যালয়ের আরও বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সময় অনুব্রত মণ্ডল কার্যালয়ের ভিতরেই ছিলেন। যুবকদের হামলায় টেবিলের ভাঙা কাঁচের টুকরো লাগে অনুব্রতর গায়ে। সামান্য আহত হন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁকে ওই যুবকদের সামনে হাতজোড় করতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। দলের নেতার সামনেই এমন ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলাকারী যুবকদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এলাকায় অনুব্রত মণ্ডলের ‘অত্যাচার’ চলেছে। সেই ক্ষোভ থেকেই তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকে প্রতিবাদ করেছেন বলে জানা গিয়েছে। (Attack on Anubrata Mondal)
হাইজ্যাকের আতঙ্ক, ২ মিনিটে ১৭,৪০০ ফুট নীচে নামল বিমান
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি তিন যুবককে আটক করা হয়। ঠিক কী কারণে এই হামলা এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিধানসভা ভোটের পর সিউড়ির দলীয় কার্যালয়ে এককালের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের প্রথম উপস্থিতির দিনেই এমন ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তদন্ত শেষ হলেই তা আরও স্পষ্ট হবে।












2 thoughts on “অনুব্রতর সামনেই সিউড়ির তৃণমূল অফিসে হামলা, আটক ৩”
Comments are closed.