সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আগুনে পুড়ে কার্যত ছাই হয়ে গেল সর্দার পরিবারের মাথা গোঁজার ঠাঁই। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা, সোনার গয়না, গুরুত্বপূর্ণ নথি—কিছুই রক্ষা করা যায়নি। সব হারিয়ে এখন কার্যত অসহায় অবস্থায় দিন কাটছে কানু সর্দারের পরিবারের।
শুক্রবার সকাল ৯টা নাগাদ সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার হাঁটুইপাড়ার ওয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কানাইলাল ঘোষের বাড়িতে গত প্রায় ১৫ বছর ধরে ভাড়া থাকতেন কানু সর্দার। টিনের চাল এবং বেড়া দিয়ে ঘেরা পাশাপাশি দু’টি ঘরেই স্ত্রী যশোদা সর্দার ও ছেলে বাবুসোনা সর্দারকে নিয়ে সংসার ছিল তাঁর।
Sonarpur Fire Incident: মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই তাঁদের ঘরে আগুন লাগে। দেখতে দেখতেই সেই আগুন ছড়িয়ে পড়ে দু’টি ঘরেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের শিখা প্রায় ২০ থেকে ২৫ ফুট উঁচুতে উঠে যায়। ঘরের ভিতরে দু’টি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তীব্রতায় সেগুলি ফেটে যায় বলে অনুমান। ফলে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। আগুন দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।
এদিকে কানু সর্দারের ছেলে বাবুসোনা সর্দার জানান, এদিন সকালে ঘরেই ছিলেন তিনি। কীভাবে আগুন লাগল তা বুঝতে পারেননি, তবে আগুন লেগেছে সেটা বোঝার পরেই তড়িঘড়ি করে প্রাণ বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরে এলাকার বাসিন্দারা এলে সকলে মিলে আগুন নেভানোর কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। শেষ পর্যন্ত দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সব ঘর।
সঞ্চয়ের টাকা থেকে পরিচয়পত্র, সব হারিয়ে দিশেহারা পরিবার
এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন কানু সর্দার। তিনি জানান, ঘরে রাখা নগদ ১২ হাজার টাকা, সোনার দুল, ব্যাঙ্কের বই, আধার কার্ড-সহ যাবতীয় জিনিসপত্র আগুনে পুড়ে গিয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে যে বাড়িতে সংসার সাজিয়েছিলেন, কয়েক মুহূর্তের আগুনে সেই সবকিছুই শেষ হয়ে গিয়েছে।
সব হারিয়ে এখন সবচেয়ে বড় চিন্তা রাতের আশ্রয়। বিশেষ করে শীতের মরশুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে কোথায় থাকবেন, কীভাবে নতুন করে সংসার শুরু করবেন, তা ভেবেই দিশেহারা গোটা সর্দার পরিবার। তবে কীভাবে আগুন লাগল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে ঘটনার ঠিক কী সম্পর্ক, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।













