রাজ্যে ফের আয়োজিত হতে চলেছে রোজগার মেলা। ১২ ডিসেম্বর এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জয়হিন্দ ভবনে বসতে চলেছে এই মেগা রোজগার মেলার আসর। বেলা ১১টা থেকে শুরু হবে এই মেলা। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জেলার তো বটেই, পাশাপাশি রাজ্যের বহু শিক্ষিত বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে। প্রায় ৪০টি কোম্পানি এই জব ফেয়ারে থাকছে। হিন্দুস্থান নিউজ পয়েন্টকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিধায়ক দেবাশিস ধর (sonarpur job fair and loan fair)।
sonarpur job fair and loan fair: সোনারপুরে ‘রোজগার মেলা’
প্রায় ৪০টি নামজাদা বেসরকারি প্রতিষ্ঠানের স্টল এই মেলায় থাকছে। বিধায়ক দেবাশিস ধর বলেন, “আমাদের টার্গেট মোটামুটি ৫০০ জন। তাঁরা যদি উপকৃত হন, তবে সেটা আমাদের জন্য একটা সাফল্য। যার যেমন অভিজ্ঞতা, সে তাঁর অভিজ্ঞতা অনুযায়ী চাকরি পাবেন। টেকনিক্যাল এডুকেশন যাঁদের রয়েছে তাঁরাও তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী এখানে চাকরির সন্ধান পাবেন।”
বেকারদের জন্য ঋণ মেলা
এবার বেকার যুবক-যুবতীদেরও আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে ঋণ দেবে রাজ্য সরকার। মেধা থাকা সত্ত্বেও বেসরকারি সংস্থায় কাজ করে ঠিক মতো বেতন পাচ্ছেন না তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। তাঁরা যাতে খুচরো ব্যবসা বা উৎপাদন প্রতিষ্ঠান শুরু করেন, সে দিকেই নজর দিয়েছে রাজ্য। এবার সোনারপুরের ‘রোজগার মেলা’-র পাশাপাশি বসতে চলেছে ঋণ মেলা।
এ প্রসঙ্গে বিধায়ক দেবাশিস ধর বলেন, “আমাদের ২০টি আর্থিক অনুদানকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। আমরা লোন ফেয়ার চালু করেছি। জব ফেয়ারের পর এটাও হবে। এতে যারা লোন নিয়ে ব্যবসা করতে চান তাঁরা অনেকেই উপকৃত হবেন। শুধু তাই নয়, ফেব্রুয়ারির দিকে বড় বইমেলারও আয়োজন করা হবে।”
‘বই আটকাতে বোমা’- বিতর্ক
দিন-কয়েক আগে কলেজ স্ট্রিটে এসএফআই-এর বুকস্টলের উপর হামলা, বই লক্ষ্য করে বোমা ও ডিম ছোড়ার এবং বুক স্টল বসাতে পুলিশি বাধার মতো অভিযোগ ওঠে। সেই সময় এর প্রতিবাদে আগেই পথে নামে বাম ছাত্র সংগঠনগুলি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দেবাশিস ধর বলেন, “অতিরঞ্জিতভাবে প্রচার সিপিএম করে। যেকোনও জিনিস করতে গেলে একটা অনুমতি দরকার হয়। হঠাৎ করে কিছুই হয়না। আগের সরকারের আমলে আমরা অনুমতির পাইনি। তার জন্য বহুবার আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। সিপিএম সাধারণ মানুষজনকে ক্ষেপিয়ে তুলছে।”














