ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাহুল বিশল্যকরণীতে কি জাগবে কালীঘাট?

rahul gandhi
---Advertisement---

জয়ন্ত চৌধুরী
রাজ্য বিধানসভার ভোটে ভরাডুবির পর থেকে বস্তুত ঘরে ঢুকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বস্তুত পিসির পথ অনুসরণ করে চলেছেন। রাজ্যের ময়দান নয়, রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে, আপাতত দিল্লিই ভরসা। আরও নির্দিষ্ট করে বলা যায়, অতীতের সমস্ত অহঙ্কার শিকেয় তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই আঁকড়ে ভেসে থাকতে চাইছে কালীঘাটের ব্যানার্জি পরিবার (rahul gandhi)।

রাজ্যে বিরোধী পরিসরে খোঁজ নেই তাঁদের। বাংলায় সদ্য প্রাক্তন শাসক দল তিন ভাগে ভেঙে গিয়েছে। গত ছয় মাসে শাসকের সঙ্গে নানাবিধ সংঘাতে পথে দেখা যাচ্ছে বামেদের। কিন্তু একদা স্ট্রিট ফাইটার রাজনীতিক যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেও কথায় কথায় মিছিল করতেন, ধর্মতলায় ধর্নাও দিতেন, সেই মমতা ও তাঁর অনুগামীরা ঘরে খিল দিয়েছেন (rahul gandhi)।

মমতা কলকাতার বাইরে একবার হালিশহরে গিয়েছিলেন দলের নিহত এক কর্মীর বাড়িতে। যাত্রাপথে তাঁর গাড়ি আক্রান্ত হয়। অর্থাৎ অভিজ্ঞতা সুখের হয়নি। ভাইপো অভিষেক দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কর্মীর বাড়িতে যেতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে দৈহিক নিগ্রহের শিকার হন। ব্যস সেই থেকে কার্যত ঘরে বন্দি। দশ লক্ষাধিক ভোটে জেতা নিজের সংসদীয় কেন্দ্র, ডায়মন্ড হারবার মুখো হতে দেখা যায়নি অভিষেককে। তৃণমূল জমানায় বিরোধীদের উদ্দেশে তৃণমূলের অনুযোগ ছিল, তারা কথায় কথায় কোর্টে যায়। পথে রাজনৈতিক মোকাবিলায় মুরোদ নেই বিরোধী দলগুলির (rahul gandhi)।

একদিকে আদালত, অন্যদিকে সমাজমাধ্যম ছিল বিরোধীদের বিচরণ ক্ষেত্র। রসিকতা করে এক তৃণমূল নেতা (যদিও তিনি জেল থেকে ফিরে এখন দলীয় বৃত্তের বাইরে) বলতেন, বিরোধীরা কোর্টে আর নেটে। তৃণমূল জনতার আদালতে।

বর্তমানে তৃণমূল সুপ্রিমোর সেই দশা, যা তাঁর শাসনের আমলে রাজ্যের বিরোধী শিবিরের ছিল।
গত ২১ জুলাই ও ২৮ অগস্ট কলকাতায় দুটো দলীয় সমাবেশ করেছে কালীঘাট তৃণমূল। অনুষ্ঠানের ত্রুটি না থাকলেও ব্যয়বহুল র‌্যাম্প সহ মঞ্চ বানিয়েও আশানুরূপ ভিড় করাতে পারেননি মমতা-অভিষেক। হুগলির শ্রীরামপুরে সভা করতে গিয়ে বিজেপির বাধা পায় কালীঘাট তৃণমূল। সব ক্ষেত্রেই ‘মমতা ম্যাজিক’ ক্রমে দুর্বল হওয়ার প্রবণতা স্পষ্ট। মানুষের নাড়ি চেনায় অব্যর্থ মমতা বুঝেছেন শুধু দল ভাঙেনি, তাঁকে ঘিরে থাকা প্রান্তিক মানুষের বলয়টাও উবে গিয়েছে। অভিষেক জেড প্লাস নিরাপত্তা আর ব্যয়বহুল বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। পিসি তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর উপগ্রহ হয়ে রাজনীতিতে জায়গা পেয়েছিলেন। মমতার উত্তরসূরি ইমেজ বিক্রি করে মিডিয়ার আলো কাড়লেও গত ৪ মে-র পর গুটিয়ে গিয়েছেন। মাঝে মধ্যে কিছু হিন্দি সিনেমার মতো গরম বুলি দিয়ে বাজার ধরে রাখার চেষ্টা তাও সমাজমাধ্যমের অনুগ্রহ।
জন্মলগ্ন থেকে তৃণমূলের ধার বা ভার সবটাই ছিল জনতার স্বতঃস্ফূর্ত সমাবেশ। যার কেন্দ্র ছিলেন মমতা। বিরোধী থেকে শাসকে উন্নীত হয়েও মমতার সেই জনমোহিনী ক্ষমতার খামতি ছিল না। কিন্তু ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর তার সেই জন আকর্ষণী ক্ষমতা উধাও।

একই হাল অভিষেকের। অগত্যা ককরোচ জনতা পার্টির সুবাদে কংগ্রেস সহ ইন্ডিয়া জেগে উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিকে সামনে রেখে দিল্লির রামলীলা ময়দানের জমায়েতের সাজানো মঞ্চে ভাষণ দিয়ে নজরে পড়েছেন মমতা। বিজেপি বিরোধী জোটের রাজনীতিতে কংগ্রেসের কাছে অন্যতম অগ্রাধিকার মমতা। তাঁর প্রতিনিধি তথা উত্তরাধিকার অভিষেককে তিনি এগিয়ে দিয়েছেন রাহুলের দিকে। যদিও মাস ছয়েক আগে তৃণমূলের সুদিনে কংগ্রেস বা রাহুলকে আমল দেননি মমতা। কিন্তু গত কয়েক বছরে বিজেপির বিরুদ্ধে রাহুলের রাজনৈতিক প্রতিষ্ঠা বর্তমানে কালীঘাটকেও মানতে হচ্ছে।
তাই বাংলায় মৃতপ্রায় দলকে চাগিয়ে তুলতে রাহুলের অনুগ্রহ প্রত্যাশী অভিষেক ইন্ডিয়ার শরিক হিসেবে লোকসভার বিরোধী দল নেতার আস্থা অর্জনে ব্যগ্র। দিল্লিতে নিজের দর বাড়াতে পারলে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিকতা ফিরতে পারে কালীঘাট তৃণমূলের। শেষ পর্যন্ত মুমূর্ষু কালীঘাট তৃণমূলের বিশল্যকরণী কি জোগাড় করে দিতে পারেন রাহুল, সেটাই এখন দেখার।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now