সোনারপুর উত্তর বিধানসভা তথা রাজপুর সোনারপুর পুরসভা এলাকার দীর্ঘদিনের সমস্যা জল জমার। বর্ষা হলেই একাধিক জায়গায় হাঁটুর উপর পর্যন্ত জল জমে। অনেক জায়গায় সেই জল এক মাসও জমে থাকে। পাশে খাল থাকলেও এলাকায় জল নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে বাসিন্দাদের। এ বার এই বিষয় নিয়ে হিন্দুস্তান নিউজ পয়েন্টকে নিজের পরিকল্পনার কথা শেয়ার করলেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। জানান, জল জমার সমস্যার স্থায়ী সমাধানে একটি বৃহৎ ও সমন্বিত পরিকল্পনা করা হচ্ছে। (Debashis Dhar)
দেবাশিস ধরের বক্তব্য, তাঁর বিধানসভা এলাকার মধ্যে পঞ্চায়েত এলাকা, পুরসভা এলাকা এবং KMDA-র অধীনস্ত এলাকা রয়েছে। ফলে সমস্যার সমাধানের জন্য গোটা অঞ্চলকে একসঙ্গে ধরে পরিকল্পনা করা প্রয়োজন। সেই লক্ষ্যেই পুরো এলাকার ম্যাপিং করা হয়েছে। কোন খাল কোন খালের সঙ্গে যুক্ত হবে, কোথা দিয়ে জল বের করে দেওয়া সম্ভব, কোথায় নতুন পাম্পিং স্টেশন প্রয়োজন এবং কোথায় পুরনো ব্যবস্থার উন্নয়ন দরকার— সেই সমস্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। (Debashis Dhar)
বিধায়কের দাবি, এই পরিকল্পনা ইতিমধ্যেই সেচ দফতর, এসডিও এবং বিডিও-র কাছে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক স্তরের বৈঠকেও বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর মতে, ‘শুধু একটি দফতর কাজ করলে সমস্যার সমাধান হবে না। সেচ, পুরসভা, পঞ্চায়েত ও অন্যান্য সংস্থাকে একযোগে কাজ করতে হবে।’
তিনি জানান, ইতিমধ্যেই খেয়াদহ এলাকায় একটি বন্ধ হয়ে যাওয়া নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রায় তিন কিলোমিটার অংশ জুড়ে নিকাশি নালা পরিষ্কার করে জল চলাচলের পথ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও পদক্ষেপের চেষ্টা চলছে। (Debashis Dhar)
গড়িয়া বাজার সংলগ্ন খালগুলির নোংরা অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় খালগুলির নাব্যতা কমে গিয়েছে এবং জল স্বাভাবিকভাবে বেরোতে পারছে না। এই বিষয়টি সেচ দফতরের নজরে আনা হয়েছে। টালিনালা ও বিদ্যাধরী নদীর সঙ্গে খালগুলির সংযোগ আরও কার্যকর করে অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। (Debashis Dhar)
দেবাশিস ধরের দাবি, প্রয়োজনীয় সমীক্ষা, রিপোর্ট ও প্রস্তাব তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন সংশ্লিষ্ট দফতরগুলির দ্রুত পদক্ষেপের মাধ্যমেই এলাকার জল জমার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। (Debashis Dhar)
আরও পড়ুন :- গড়িয়ায় ‘স্মার্ট বাজার’, স্টেশনের হকার উচ্ছেদ নিয়ে কী বললেন বিধায়ক দেবাশিস ধর?










