ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোরবাগানের ঘটনার শিক্ষা, কালীপুজোর বিসর্জনে কলকাতার ১৪টি ঘাটে বাড়তি সতর্কতা

---Advertisement---

কালীপুজোর বিসর্জন ঘিরে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে বাড়তি সতর্কতা নিচ্ছে লালবাজার। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ ঘাট ও সংযোগস্থলে মাইক হাতে দায়িত্ব সামলাবেন মহিলা পুলিশকর্মীরা। বিসর্জনের সময় কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা। সোমবার বিকেল ৪টে থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত চলবে বিসর্জন পর্ব। গোটা সময় নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর সময় চোরবাগানের ঘটনায় ভুল ঘোষণাকে কেন্দ্র করে বড় বিপর্যয় নেমে এসেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কালীপুজোর বিসর্জনে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। ঘাটে প্রতিমা নিয়ে যাওয়ার সময় পুজো উদ্যোক্তারা যাতে নিয়ম মেনে চলেন, সেই বিষয়ে মাইকে বারবার সতর্ক করবেন মহিলা পুলিশকর্মীরা। (Kolkata Kali Puja Security)

১৪টি জায়গায় মহিলা পুলিশকর্মীদের দায়িত্ব

লালবাজারের নির্দেশে শহরের ১৪টি গুরুত্বপূর্ণ জায়গায় মোট ২৮ জন মহিলা পুলিশকর্মীকে ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৪টে থেকে ভোররাত পর্যন্ত তাঁরা মাইকে ঘোষণা করবেন। নিমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, বাজা কদমতলা ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট, কুমোরটুলি ঘাট, দইঘাট, রতনবাবু ঘাট, বিচালি ঘাট ও মায়ের ঘাটে থাকবেন তাঁরা। এছাড়াও রবীন্দ্র সরণি ও নিমতলা ঘাট স্ট্রিট, নিমতলা ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল, পলাশি গেট রোড ও কিংসওয়ের সংযোগস্থল এবং জলপুলিশের দফতরের কাছেও চলবে ঘোষণা। লালবাজারের মতে, ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীদের এই দায়িত্ব বিশেষ ভূমিকা নেবে। (Kolkata Kali Puja Security)

যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ দল

বিসর্জনকে কেন্দ্র করে শহরের রাস্তায় যানজট এড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার আটটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং স্ট্র্যান্ড রোডে নজর রাখবে ট্রাফিক পুলিশের ন’টি দল। প্রতিটি দলে থাকবেন ৬ থেকে ৮ জন পুলিশকর্মী ও আধিকারিক। বিসর্জনের সময় রাস্তায় বাজি ফাটানো এবং তার জেরে যান চলাচলে সমস্যা তৈরি হওয়া আটকানোই তাঁদের অন্যতম দায়িত্ব।

২৫০টি পুলিশ পিকেট, নজরদারিতে জলপুলিশ ও ডিএমজি

নিরাপত্তার জন্য গোটা শহরে প্রায় ২৫০টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। নিমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, দইঘাট এবং জলপুলিশের দফতরের কাছে চারটি বিশেষ পুলিশ ক্যাম্প থাকবে। দিনের বেলায় গঙ্গার ২০টি ঘাটে পুলিশ পিকেট মোতায়েন করা হবে। পাশাপাশি গঙ্গায় নজরদারি চালাবে জলপুলিশের চারটি দল। অন্যদিকে, গঙ্গার ২৮টি ঘাটে যন্ত্রচালিত নৌকা, ওয়্যারলেস সেট ও লাউডস্পিকার নিয়ে প্রস্তুত থাকবে ডিএমজি-র দল। জলপুলিশের দফতরেও থাকবে দুটি দল। শহরের ১৪টি সরোবর ও জলাশয়ে নৌকা ছাড়াই নিরাপত্তার দায়িত্ব সামলাবে ডিএমজি। সব মিলিয়ে কালীপুজোর বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার একাধিক স্তর তৈরি করেছে লালবাজার। ঘাট থেকে রাস্তা, গঙ্গা থেকে শহরের জলাশয় সব জায়গাতেই থাকছে পুলিশের নজরদারি। (Kolkata Kali Puja Security)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now