গত শুক্রবার ধর্মতলায় ছাত্র-যুবদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছে ১৬ জন। মঙ্গলবার অভিযুক্তদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করল পুলিশ। শুনানি শেষে আদালত সকল অভিযুক্তকে আগামী দু’দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত শুক্রবার ধর্মতলায় বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা সমাবেশ ও মিছিল চলাকালীন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মিছিলে একদল বহিরাগত ঢুকে পড়ে এবং পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিকও হামলার শিকার হন বলে অভিযোগ। সাংবাদিকদের মারধর, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার ঘটনায় একাধিক অভিযোগও দায়ের হয়েছে। (Dharmatala Incident)
ঘটনা ঘিরে ইতিমধ্যেই সাতটি এফআইআর দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের ভিডিয়ো, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে প্রথমে বেশ কয়েকজন অভিযুক্তদের শনাক্ত করেন তদন্তকারীরা। সোমবার আরও দু’জনকে গ্রেফতার করা হলে করা হলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬। গতকাল পুলিশ ফের ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মানও করে।
এরপর আজ, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ওই ১৬ জন অভিযুক্তকে হাজির করার পর তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির কথা তুলে ধরে পুলিশ। শুনানি শেষে বিপক্ষের আইনজীবী প্রশান্তকুমার বাগচী জানান, ভারতীয় সংহিতার ১৯০, ১৯১, ২২৩, ২৮৫, ৩৫০ ধারায় মামলা রুজু হয়েছে। আদালত আগামী দু’দিনের জন্য অভিযুক্তদের জেল হেফাজত দিয়েছে। তিনি একই সঙ্গে বলেন, ‘আরজি কর কাণ্ডের সময় যেমন ডাক্তাররা আন্দোলন শুরু করেছিলেন কিন্তু পরে তাদের সমর্থনে গোটা রাজ্যের মানুষ পাশে দাঁড়িয়ে ছিলেন। সেরকম ভাবেই ধর্মতলার সমাবেশে ছাত্ররা থাকলেও তার সঙ্গে আর কেউ থাকতে পারবে না, এটা তো কোথাও বলা নেই। কাজেই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।’ (Dharmatala Incident)
এদিকে পুলিশের দাবি, ধৃতদের মধ্যে অধিকাংশই ছাত্র নন এমনকি তাঁদের আন্দোলনের সঙ্গে সরাসরি কোনও যোগ ছিল না বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে। এই অবস্থায় আগামী শুনানিতে আদালত এই ঘটনায় কী রায় দেয় সেদিকেই এখন নজর সকলের।












1 thought on “ধর্মতলা অশান্তির ঘটনায় ধৃত ১৬ অভিযুক্তের ২ দিনের জেল হেফাজ, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের”