ডুয়ার্স সফরে গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে জঙ্গল সাফারিতে অংশ নেন তিনি। বনভূমির পরিবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণক্ষেত্র এবং ডুয়ার্সের প্রাকৃতিক বৈচিত্র্য ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মন্ত্রীকে। (Dilip Ghosh)
সূত্রের খবর, ডুয়ার্স সফরের সময় চাপরামারি বন বাংলোতে রাতে থাকেন দিলীপ ঘোষ। শুক্রবার ভোরে তাঁকে জঙ্গলের রাস্তা ধরে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়। পরে স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে চায়ের আড্ডায় যোগ দেন তিনি। সেখানেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন বলে জানা গিয়েছে। (Dilip Ghosh)
এরপর তিনি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন গাছবাড়ি এলাকায় পৌঁছন। সেখানে বনদপ্তরের পোষ্য কুনকি হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারিতে অংশ নেন মন্ত্রী ও তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন নাগরাকাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক পুণা ভেঙরাও। হাতির পিঠে চেপে জঙ্গলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা। সফরের সময় হাতিদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি হাতিদের কলা খাইয়ে তাঁদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ করেন তিনি। বনদপ্তরের উদ্যোগে হাতিদের পুজোরও আয়োজন করা হয়। (Dilip Ghosh)
মন্ত্রীর এই সফর ঘিরে বনদপ্তর ও প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের সহকারী বনাধিকারিক রাজীব দে-সহ একাধিক বনকর্তা। সফরের বিভিন্ন পর্যায়ে বনদপ্তরের আধিকারিকরা মন্ত্রীকে এলাকার জীববৈচিত্র্য, সংরক্ষণ প্রকল্প এবং পর্যটন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কেও অবহিত করেন। (Dilip Ghosh)
ডুয়ার্স সফর শেষে দিলীপ ঘোষের শিলিগুড়িতে একাধিক সাংগঠনিক ও প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। এরপর তিনি পাহাড় এলাকাতেও রাত্রিযাপন করতে পারেন। বনদপ্তরের কর্তাদের মতে, জনপ্রতিনিধিদের এই ধরনের সফর ডুয়ার্সের পর্যটন সম্ভাবনাকে আরও তুলে ধরবে এবং সাধারণ মানুষের মধ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা নেবে। (Dilip Ghosh)
শিক্ষাঙ্গনে দুর্নীতি, দায়িত্ব নিয়েই বিগত সরকারকে কড়া বার্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ের











