ভোট পরবর্তী হিংসার ঘটনা শেষ হওয়ার নাম নেই। এ বার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা তৈরি হলো। সোনারপুরের কামরাবাদ নস্করপাড়ায় সৌমেন দাস নামক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কর্মী ও তাঁর ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ফেলাছিল তৃণমূল কর্মী নবীন নস্কর। এই বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন সৌমেন। তিনি প্রতিবাদ করায় এলাকার কিছু লোকের সঙ্গে তাঁর বচসাও হয়। (Fire at BJP Worker’s House)
সৌমেন দাসের দাবি, গত শনিবারও ফের আবর্জনা ফেলা নিয়ে ঝামেলা শুরু হয়। এরপর মদ্যপ অবস্থায় হাতে বাঁশ নিয়ে সৌমেনের বাড়িতে হামলা চালাতে আসে নবীন নস্কর ও তাঁর ছেলে। তখনই তাদের প্রাণে মারার হুমকি দেয় তারা। এরপর সোমবার ভোররাতে আচমকাই সৌমেন দাসের বাড়িতে আগুন লাগে। পরিবারের লোকজন প্রথমে আগুন দেখতে পেয়ে ভয়ে চিৎকার শুরু করেন। আশপাশের বাড়ির বাসিন্দারাও ছুটে আসেন। আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।
Nishith Pramanik: ফুড কোর্ট, পরিশ্রুত পানীয় জল, যুবভারতীকে বদলে ফেলার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
এলাকার বাসিন্দা তিথি নস্কর বলেন, আগুন লাগার খবর পেয়েই এলাকার সবাই এসে পায় সৌমেন ও তাঁর পরিবারকে বাঁচায়। ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। আগুন লাগানোর পিছনে সত্যিই নবীন নস্করের কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনার পর সৌমেন দাসের পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই তৃণমূল কর্মী নবীন নস্কর ও তাঁর ছেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। (Fire at BJP Worker’s House)










