বাংলা ছাড়বেন হুমায়ুন, দুবাইয়ে স্থায়ী হওয়ার ইচ্ছা। রেজিনগর উপনির্বাচনে ভোট লুটের অভিযোগ তুলে এবার এই সিদ্ধান্ত নিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর ঘোষণা, নির্মীয়মাণ মসজিদের কাজ শেষ করেই রাজ্য ছাড়বেন তিনি। তার পর বাকি জীবন শান্তিতে কাটাতে চান দুবাইয়ে। ভোটের ফলাফল ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে।
রেজিনগর উপনির্বাচনে পুলিশ ও প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার-সহ বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, রাজনীতি নিয়ে হতাশ হুমায়ুন
হুমায়ুনের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে দক্ষ পুলিশ আধিকারিকদের এনে ভোটের প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে আঙুলে কালি লাগিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, রেজিনগরের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গণনাকেন্দ্রে যাওয়ার মানসিকতাও হারিয়েছেন তিনি।
ভোটের অভিযোগের পাশাপাশি গত দু’মাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন (Humayun Kabir)। তাঁর দাবি, এই সময়ে তাঁদের ৬৪ জন কর্মী মারধরের শিকার হয়েছেন, ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। পুরনো ঘটনার মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এই সব ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, চারপাশে অবিচার ও মুনাফেকি দেখে রাজনীতির প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি আর পেরে উঠছেন না।
সংখ্যালঘুদের সমর্থনেই ভোট, হুমায়ুনের গড়ে জিতে বার্তা BJP-র শাখারভের
মসজিদের কাজ শেষ করেই দুবাইয়ে পাড়ি?
হুমায়ুন জানিয়েছেন, নির্মীয়মাণ মসজিদের দায়িত্ব তিনি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। সাধারণ মানুষের অনুদানের টাকায় জমি কেনা থেকে নির্মাণের কাজ এগিয়েছে। তাই মসজিদের কাজ অসমাপ্ত রেখে সরে দাঁড়াতে চান না তিনি। নির্মাণ সম্পূর্ণ করাই আপাতত তাঁর একমাত্র লক্ষ্য। তার পর বাংলা ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান।
তবে হঠাৎ ভোটের ফল প্রকাশের পর হুমায়ুনের এই সিদ্ধান্ত দীর্ঘদিনের হতাশার বহিঃপ্রকাশ, নাকি ভোটের পরিস্থিতিতে ক্ষোভের ফল, তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। এদিকে রেজিনগরে বিপুল ব্যবধানে জয়ী হয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের দাবি হুমায়ুন কবীরকে কোথাও যেতে দেবেন না তিনি। বরং আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য তাঁরই পরামর্শ চান তিনি।










1 thought on “হাতছাড়া রেজিনগর, ভোট লুটের অভিযোগ তুলে দুবাই পাড়ি দেবেন হুমায়ুন?”
Comments are closed.