---Advertisement---

Kolkata Accident: সরস্বতী পুজোর সকালে দুর্ঘটনা, উল্টোডাঙায় ফুটপাথে উঠল বেপরোয়া গাড়ি, মৃত ১

January 23, 2026 2:23 PM
Kolkata accident
---Advertisement---

সরস্বতী পুজোর সকালে কলকাতার উল্টোডাঙায় ভয়াবহ পথদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি, মোটরসাইকেল ও পথচারীদের ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে দ্রুত গতিতে উল্টোডাঙার দিকে আসছিল একটি প্রাইভেট ওয়াগন আর গাড়ি। বিএসএনএল টাওয়ার ও হাডকো মোড়ের কাছাকাছি পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি স্কুটিতে ধাক্কা মারে, তার পরে একটি মোটরসাইকেল ও এক পথচারীকে পিষে দেয়। এর পর গাড়িটি ফুটপাথে উঠে গিয়ে অস্থায়ী দোকান ও বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েক জনকেও ধাক্কা দেয়।

ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পথচারী গাড়ির নীচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত এক ব্যক্তিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা যাচ্ছে। আরও কয়েক জন আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। গাড়ির ভিতরে চালক ছাড়াও একজন পুরুষ ও একটি শিশু ছিল। শিশুটি জানিয়েছে, অনেকক্ষণ ধরেই চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল এবং তাকে গতি কমানোর অনুরোধ করা হয়েছিল।

খবর পেয়ে মানিকতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালক-সহ গাড়িতে থাকা তিন জনকেই থানায় নিয়ে যায়। চালককে আটক করা হয়েছে। কী কারণে নিয়ন্ত্রণ হারাল গাড়িটি, চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment