SIR শুনানি এবং ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের লালবাগ (Murshidabad Chaos)। শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বিজেপি জেলা সভাপতি চারচাকার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
এদিন ফর্ম ৭ জমা দিতে গিয়েছিল মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা। আভিযোগ, তাদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতাকর্মীরা। এরপরে পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী।
SIR-এর ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, জেলায় জেলায় অশান্তি
এদিন সকাল থেকেই মুর্শিদাবাদের লালবাগ মহকুমা শাসকের দফতরের সামনে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হচ্ছে। অন্যদিকে, দফতরের বাইরে সহায়তা ক্যাম্প খোলে তৃণমূল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই বচসা ক্রমেই সংঘর্ষের রূপ নেয়। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি ইটবৃষ্টি করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে আসে। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশের ওপর চড়াও হয় তারা। ছোড়া ইটে পুলিশের গাড়ির কাচ ভাঙে। পুলিশের সামনেই এমন তাণ্ডবে সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তেড়ে আসতে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।











