ভোটমুখী পশ্চিমবঙ্গে জেন জি-কে সামনে রেখেই ‘আসল পরিবর্তন’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার, অর্থাৎ, ১৭ জানুয়ারি, মালদায় BJP-র এক জনসভা থেকে তিনি দাবি করেন, ভারতের জেন জি উন্নয়ন, সুযোগ ও সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করে—আর সেই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ মহারাষ্ট্রের বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে (BMC) বিজেপির ঐতিহাসিক জয়। মোদীর বক্তব্য, “এই জয় দেখিয়ে দিয়েছে, দেশের তরুণ প্রজন্ম উন্নয়নের মডেল বেছে নিচ্ছে। বাংলাতেও তার প্রতিফলন দেখা যাবে।”
বাংলা ভাষাতেই ভাষণ শুরু করে মোদী বলেন, “এই সরকার পাল্টানো দরকার।” তাঁর নিশানায় ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মোদীর অভিযোগ, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আটকে রেখে গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই তিনি জেন জি-র কথা টেনে বলেন, নতুন প্রজন্ম সুযোগ চায়, চাকরি চায়, স্বচ্ছ প্রশাসন চায়—কিন্তু বর্তমান সরকার তা দিতে ব্যর্থ।
প্রধানমন্ত্রী জেন জি-র মানসিকতা ব্যাখ্যা করতে গিয়ে ওডিশা, ত্রিপুরা, অসম ও বিহারের উদাহরণ টানেন। তাঁর কথায়, এই রাজ্যগুলিতে তরুণ ভোটাররা বিজেপির উপর ভরসা রেখেছেন বলেই সেখানে সরকার গড়েছে এনডিএ। “বাংলার চার দিকেই এখন বিজেপির সুশাসনের সরকার। এ বার বাংলাতেও সেই সময় এসেছে,” বলেন মোদী।
মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন ও একাধিক অমৃত ভারত ট্রেনের উদ্বোধনকেও তিনি ‘নতুন প্রজন্মের ভারত’-এর প্রতীক হিসেবে তুলে ধরেন। মোদীর মতে, জেন জ়ি শুধু স্লোগানে বিশ্বাস করে না, তারা পরিকাঠামো, কানেক্টিভিটি ও ভবিষ্যতের সুযোগ দেখে ভোট দেয়।
একই সঙ্গে মতুয়া সম্প্রদায় ও ধর্মীয় নিপীড়নের শিকার শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেন মোদী। নাগরিকত্ব সংশোধনী আইন-এর মাধ্যমে তাঁদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সব মিলিয়ে মালদার সভা থেকে মোদীর স্পষ্ট বার্তা—বাংলার ভোটে জেন জি হতে চলেছে গেমচেঞ্জার, আর সেই প্রজন্মকে সামনে রেখেই বিজেপি বাংলায় ‘আসল পরিবর্তন’-এর স্বপ্ন দেখাচ্ছে।










1 thought on “Narendra Modi in Bengal: মোদীর মুখে জেন জি-র স্তুতি, বাংলা দখল করতে তরুণ প্রজন্মেই ভরসা BJP-র”