উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এদিকে সোমবার থেকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(Weather Update)
দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির দাপট
রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকার উপর দিয়ে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। (Weather Update)
কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশের মধ্যে রয়েছে। (Weather Update)
পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা
আবহাওয়া দপ্তরের আশঙ্কা, অতিভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে। এর প্রভাব কৃষিক্ষেত্রেও পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা।(Weather Update)











