সাত সকালে পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার রথতলা মোড়ে। শুক্রবার অফিস টাইমে ওই রাস্তায় একটি অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি টাটা Ace গাড়ির। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অটোতে তিনজন যাত্রী ছিলেন। ধাক্কার জেরে অটোর চালক-সহ কয়েকজন গুরুতর জখম হন। (Road Accident)
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই এলাকায় প্রতিদিনই অফিস টাইমে ব্যাপক যানজট তৈরি হয়। রাস্তায় গাড়ির চাপও অনেক বেশি থাকে। তার মধ্যেই হঠাৎ এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দুই গাড়ির মধ্যে সংঘর্ষের দুর্ঘটনার সময় আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। সংঘর্ষের ফলে দুটি গাড়িরই কিছু অংশের ক্ষতি হয়েছে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচলও ব্যাহত হয়।
যদিও ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত যানজট এবং অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী ঘটেছিল সে বিষয়টি এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। (Road Accident)
দাম বাড়ছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ৩০০টি ওষুধের
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রথতলা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। কারণ অফিস টাইমে প্রায় প্রতিদিনই সেখানে তীব্র যানজট তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। স্থানীয়দের মতে, সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গেলেই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ ওই অটো এবং টাটা Ace গাড়ি দুটিকেই আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।











