গতকালই ভাঙড় কলেজে বিজেপি নেতা তথা পরিচালন সমিতির চেয়ারম্যান সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভের জল গড়াল মঙ্গলবার সকাল পর্যন্ত। উল্লেখ্য, কলেজে ঢুকতে সায়ন্তন বসুকে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এবং দুই এসএফআই ছাত্রকে গ্রেফতার করার অভিযোগ ওঠে। তাঁদের মুক্তির দাবিতে সোমবার রাতেও বিক্ষোভ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টা নাগাদ নামানো হয় র্যাফ। মঙ্গলবার সেই ঘটনার প্রতিবাদে ফের পথে নামেন এসএফআই কর্মী-সমর্থকেরা।
SFI BJP Clash: সোমবার সকাল থেকে উত্তেজনা, রাতে নামে র্যাফ
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এদিন ভাঙড় কলেজে প্রবেশ করতে গেলে সায়ন্তন বসুকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতে হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে এসএফআই ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগও ওঠে। পরে দু’জনকে আটকও করে পুলিশ।
আটক ছাত্রদের মুক্তির দাবিতে এরপর বিক্ষোভ শুরু হয়। থানার সামনে বিক্ষোভ না করার জন্য পুলিশের তরফে বারবার সতর্ক করা হলেও বিক্ষোভ চলতে থাকে বলে অভিযোগ। শেষ পর্যন্ত সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিক্ষোভকারীদের সরাতে র্যাফ নামানো হয়। তারপরেই ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে সরব হন এসএফআই-এর ছাত্রনেতারা।
পুজোর আগে ৫ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কবে? এখনই জানুন বিস্তারিত
অন্যদিকে, কলেজে নিজের কাজ সেরে বেরিয়ে যাওয়ার পর গোটা ঘটনা নিয়ে মুখ খোলেন সায়ন্তন বসু। তাঁর কথায়, “আমার সামনে কিছু ঘটেনি। আমার পক্ষে বলা সম্ভব নয়।” তিনি জানান, গেটের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিতরে গিয়ে সরকারি কাজ ও পরিদর্শন সেরে বেরিয়ে যান। আবার মিটিং হলে কলেজে আসবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার আদালত চত্বরে বিক্ষোভ
সোমবারের ঘটনার রেশ কাটেনি মঙ্গলবার সকালেও। গ্রেফতার ছাত্রদের আদালতে তোলাকে কেন্দ্র করে বারুইপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, ভাঙড় কলেজের ঘটনায় অন্যায়ভাবে এসএফআই ছাত্রদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ চার জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলার সময়ই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। (SFI BJP Clash)
সব মিলিয়ে একদিকে কলেজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, অন্যদিকে ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগে ভাঙড় কলেজ চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছেই।












1 thought on “SFI-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ভাঙড় কলেজে, ছাত্র গ্রেফতারে মঙ্গলবারও চলল প্রতিবাদ”
Comments are closed.