(West Bengal Name) পশ্চিমবঙ্গের নাম কি বদলে যাচ্ছে? এই জল্পনা নতুন নয়। এই প্রশ্ন ঘিরে বহু বছর ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। অতীতে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। তবে এবার সেই জল্পনায় কার্যত ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে দেশভাগের ইতিহাস, বাঙালির আত্মপরিচয়, আবেগ এবং দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এই নাম পরিবর্তন করা হবে না। একইসঙ্গে তিনি জানান, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’ করা হবে। পাশাপাশি স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করারও ডাক দেন তিনি।
West Bengal Name: ‘পশ্চিম’ শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের ইতিহাস
শুভেন্দু অধিকারীর কথায়, ১৯৪৭ সালের দেশভাগের সময় গোটা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হয়েছিল। সেই সময় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আইনসভায় ৫৮-২১ ভোটে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং সেই ইতিহাসের ফলেই পশ্চিমবঙ্গের সৃষ্টি। (West Bengal Name) তাই ‘পশ্চিম’ শব্দটি শুধুমাত্র একটি নাম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এক মাসে ২৫ শিল্পপতিকে জমি, রাজ্যে বিনিয়োগ টানতে নতুন রোডম্যাপ ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal Name: ‘বাংলা’ নয়, থাকবে ‘পশ্চিমবঙ্গ’
সাংবাদিকদের উদ্দেশ্যে মূখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এই নাম বদলে দিলে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে যাবে। তাই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের কোনও প্রশ্নই নেই। তিনি আরও জানান, সেই কারণেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ আবাস’।
প্রসঙ্গত, গত কয়েক বছরে তৎকালীন রাজ্য সরকার একাধিকবার (West Bengal Name) পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল। যুক্তি ছিল, ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী কেন্দ্রীয় বৈঠক বা সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধিদের আগে বক্তব্য রাখার সুযোগ মিলবে। পাশাপাশি, যেহেতু বর্তমানে আর ‘ইস্ট বেঙ্গল’ নামে কোনও রাজ্য নেই, তাই ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে কেন্দ্র সেই প্রস্তাবে অনুমোদন দেয়নি।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক
এই ঘোষণার পাশাপাশি আসন্ন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিয়েও সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।












1 thought on “বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম? সরাসরি ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী”