রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আগস্টেই রাজ্যে UCC, বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গড়ল সরকার

Published on: July 11, 2026
UCC in West Bengal
---Advertisement---

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করার পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। প্রস্তাবিত ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ খসড়া বিলটি আরও বিস্তারিতভাবে পরীক্ষা এবং পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করলো রাজ্য সরকার। (UCC in West Bengal)

আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, UCC কার্যকর করার আগে খসড়া বিলটি সব দিক থেকে খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি করা হবে। সেই ঘোষণার পর শুক্রবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এ রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে। সেই নীতিকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সরকার ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ নামে একটি খসড়া বিল তৈরি করেছে। এই বিলের লক্ষ্য হল, ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য ব্যক্তিগত দেওয়ানি আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটিই অভিন্ন আইনি কাঠামো তৈরি করা। এর আওতায় থাকবে বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, উত্তরাধিকার, উইল, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক-সহ ব্যক্তিগত দেওয়ানি আইনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই গত ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার সুপারিশ মেনে রাজ্যপাল অবিলম্বে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। (UCC in West Bengal)

কমিটিতে কারা রয়েছেন?

  • এই উচ্চপর্যায়ের কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই (চেয়ারম্যান)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—
  • মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়
  • আইএএস অফিসার ও রেসিডেন্ট কমিশনার দুষ্যন্ত নারিয়ালা
  • পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ (আহ্বায়ক)
  • অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং
  • বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড. রত্না ভট্টাচার্য
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র
  • কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক
  • প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য

সুবর্ণরেখার জলে তলিয়ে ঝাড়গ্রামের ফেয়ার ওয়েদার সেতু, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

কী কাজ করবে এই কমিটি?

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা করবে এই কমিটি। শুধু আইন পর্যালোচনাই নয়, UCC কার্যকর হলে তার সামাজিক প্রভাব, সাংবিধানিক দিক, আইনি জটিলতা এবং প্রশাসনিক বাস্তবতা কী হতে পারে, তা নিয়েও বিস্তারিত সুপারিশ করবে কমিটি।

এছাড়াও গুজরাতের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬, অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন-২০২৪-কে ভিত্তি করে পশ্চিমবঙ্গের খসড়া বিল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দেশের প্রথম ইউসিসি কার্যকর করা রাজ্য উত্তরাখণ্ডে যে কমিটি আইনটির খসড়া তৈরি করেছিল, তারও নেতৃত্বে ছিলেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। পরবর্তীতে গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং মহারাষ্ট্রেও ইউসিসি নিয়ে গঠিত কমিটির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে অসমের কমিটিতে তিনি ছিলেন না।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কমিটি প্রথমে খসড়া বিলটি পরীক্ষা করে সুপারিশ জমা দেবে। এরপর আগামী অগাস্ট মাসের বিধানসভা অধিবেশনে পশ্চিমবঙ্গের অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। (UCC in West Bengal)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আগস্টেই রাজ্যে UCC, বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গড়ল সরকার”

Leave a Comment