গত কয়কদিন ধরে সন্ধ্যার পর বৃষ্টি। আর সারাদিন বেশ গরম চলছে। আবহাওয়া দফতর বলছে, রবিবারও একই অবস্থা থাকবে। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD-র পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। (Weather Update)
সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। একইসঙ্গে কয়েকটি জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update)
অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি চলছে। উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।









