আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। রোজকারের মতো আজও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। অন্যদিকে দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকতে পারে উত্তরবঙ্গ (Weather Update)।
Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গ ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলার দু-একটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি (Weather Update)।
উত্তরবঙ্গে বৃষ্টি কি বাড়বে ?
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমান ৭ থেকে ২০ সেমি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। এছাড়া এই তিন জেলার এক বা দুটি স্থানে অতি অতি ভারী বৃষ্টি, ২০ সেমির বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।








