পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হতেই সকলের নজর এখন ৪ মে-র দিকে। প্রশ্ন একটাই, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামনে আসতে শুরু করেছে একাধিক এক্সিট পোলের ফলাফল। যার মধ্যে বড় অংশেই ইঙ্গিত মিলছে যে, রাজ্যে বিজেপিই শক্তিশালী অবস্থানে রয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যেতে পারে পদ্ম শিবির। আর এই খবর সামনে আসতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ।
২৯ এপ্রিল ছিল এই রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। নির্বাচনের পর থেকেই বিভিন্ন এক্সিট পোল বিজেপিকেই এগিয়ে রাখছে। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু তৃণমূল সুপ্রিমোই নয়, বঙ্গে বিজেপি জিতুক এটা বোধহয় চাইছে না বাংলাদেশও। ইতিমধ্যে প্রতিবেশী সেই দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশের সাংসদ আখতার হোসেন প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে বাংলাদেশে বড় ধরনের শরণার্থী সংকট তৈরি হতে পারে। (Refugee Problem in Bangladesh)
> Akhter Hossen, Bangladeshi MP, is worried after exit polls show possible BJP victory in West Bengal 🇧🇩
— do'o kappa (@viprabuddhi) April 30, 2026
> He claims Kanglus from India will be expelled into Bangladesh causing another refugee crisis for them
> He is Member Secretary of National Citizen Party, the same group… pic.twitter.com/OZnmhb3BX1
ওই বাংলাদেশী সাংসদের দাবি, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর চাপ সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতিতে তাদেরকে বাংলাদেশে চলে যেতেও বাধ্য করা হতে পারে। ফলে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারেন।
এই সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশে ইতিমধ্যেই উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, যদি এমন পরিস্থিতি সত্যিই তৈরি হয়, তাহলে তা শুধু মানবিক সংকটই নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার উপরও বড় চাপ ফেলতে পারে।
উল্লেখ্য, ইতিপূর্বে পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যুকে ঘিরে উত্তপ্ত হয়েছে। সম্প্রতি SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন বা অনুপ্রবেশ নিয়ে বিতর্কের জেরে সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকার এসে যদি ফের মুসলিম সমাজের ওপর চাপ সৃষ্টি করে তবে একটি বড় অংশের মানুষই বাংলাদেশের শরণার্থী হবে এমনটাই মনে করছেন সে দেশের সাংসদ। (Refugee Problem in Bangladesh)
অন্যদিকে, এক্সিট পোল নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল ঘোর আপত্তি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এক্সিট পোলে কারচুপি করেছে বিজেপি। তিনি আরও জানিয়েছেন, এবারও জোরাফুল শিবিরই আবার সরকার গঠন করবে।
বঙ্গে শেষ পর্যন্ত কোন ফুল ফুটবে তা জানতে হলে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু এক্সিট পোলের ইঙ্গিত ঘিরে শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশেও যে উদ্বেগ তৈরি হয়েছে, তা স্পষ্ট।












1 thought on “Refugee Problem in Bangladesh: এক্সিট পোলে বাড়ছে উত্তেজনা, বাংলায় বিজেপির পাল্লা ভারী হতেই ‘শরণার্থী আতঙ্কে’ বাংলাদেশ”