ভোটের কাজের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর (Central Force Jawan) বাংলায় চলে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা। দক্ষিণ ২৪ পরগনার ফলতাতেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
ভোটে কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের রক্তাক্ত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। মৃত জওয়ানের নাম কনক কোচ, তিনি অসমের বাসিন্দা ছিলেন। আইটিবিপি- ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয় এবং প্রশাসন সূত্রে খবর, অসমের বাসিন্দা কনক, ফলতা থানার দোস্তিপুর এলাকায় ভোটের ডিউটিতে এসেছিলেন।
দোস্তিপুর হাইস্কুলে আইটিবিপি-র ৮৬ জন জওয়ানকে অস্থায়ী শিবিরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার রাতের খাওয়া-দাওয়া সেরে সকলেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে এক জওয়ান শৌচাগারে যাওয়ার জন্য ওঠেন। ঘর থেকে বাইরে বেরিয়ে ওই জওয়ান দেখেন, বারান্দায় উপুড় হয়ে পড়ে রয়েছেন কনক। তড়িঘড়ি অন্য জওয়ানরা রক্তাক্ত আবস্থায় কনককে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার পর দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার (Central Force Jawan) পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। সে জন্য অপেক্ষায় রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ২৩ ও ২৯ এপ্রিল রাজ্য দুদফায় নির্বাচন রয়ে্ছে। দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় দফায় নির্বাচন। তবে বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় টহলদারি শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। স্কুল-সহ বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলতার দোস্তিপুর হাইস্কুলে স্কুলেও আইটিবিপি-র জওয়ানদের একটি দল রয়েছে।










