দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনায় আপাতত দাড়ি। পাকিস্তানে নির্ধারিত ইরান ও আমেরিকার মধ্যে হতে চলা শান্তি আলোচনা আবারও বড়সড় ধাক্কা খেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শনিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন। মূলত ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে।
শনিবার পাকিস্তান সফর সেরে ইরানের প্রতিনিধি দল ফিরে যাওয়ার পর সংবাদমাধ্যমকে ট্রাম্প জানান, পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছেন না তিনি। তাঁর কথায়, “১৮ ঘণ্টার বিমান সফর সময় নষ্ট ছাড়া কিছুই নয়”।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার লোকজন পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আমি তাদের বলেছি ওখানে যেতে হবে না। ১৮ ঘণ্টার বিমান সফর করে ইসলামাবাদ গিয়ে সময় নষ্ট করার কোনও দরকার নেই।” পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, “আমাদের হাতেই যাবতীয় ক্ষমতা রয়েছে। ওদের হাতে কিছুই নেই। যদি আলোচনা চায় তবে ওরা (ইরান) যখন খুশি ফোন করতে পারে।” এরপর নিজের সোশাল মিডিয়াতেও ট্রাম্প লেখেন, ‘যাতায়াতে অনেক বেশি সময় নষ্ট। আমাদের গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে।’
এদিকে, ট্রাম্পের এই কঠোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক (Donald Trump) মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন শর্ত মেনেই ইরানকে শান্তি প্রস্তাব তৈরি করতে হবে। তবে বিশ্লেষকরা তাঁর এই দাবিকে ভিত্তিহীন বলে মনে করছেন। এর আগেও ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্পের একাধিক মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে এবং ইরানের পক্ষ থেকেও তাঁকে নানাভাবে কটাক্ষ করা হয়েছে।
কিন্তু জানা যায়, শনিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করার পরই ইসলামাবাদ ছাড়েন তাঁরা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ফের ভেস্তে গেল দ্বিতীয় দফার শান্তি বৈঠক? এই অবস্থায় সেই সম্ভাবনাতেই কার্যত সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।












