ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Goutam Gambhir) সবসময়ই তাঁর মেজাজ এবং কঠোর স্বভাবের জন্য খবরের শিরোনামে থাকেন। দল নির্বাচন থেকে ক্রিকেটারদের সুযোগ দেওয়া, ড্রেসিংরুমের পরিবেশ গৌতম গম্ভীর আসার পর পরিবর্তন এসেছে সব ক্ষেত্রেই। এই সব বিষয় নিয়ে এবার সরব হলেন প্রাক্তন ভারতীয় পেসার অতুল ওয়াসন। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেন, তিনি ছোটবেলা থেকেই গৌতম গম্ভীরকে (Goutam Gambhir) চেনেন। তাঁর কথায়, গম্ভীর বরাবরই খুব জেদি ও একরোখা। তিনি বলেন, “গম্ভীর এমন মানুষ, যে চায় সবাই শুধু ওর কথাই মেনে চলুক। যদি কেউ ওর সঙ্গে একমত না হয়, তাহলে সে ওর অপছন্দের তালিকায় চলে যায়।”
ওয়াসন আরও বলেন, “ওর ইগো খুব বড়। ও যদি সকালে বলে এখন রাত, তাহলেও সবাইকে সেটা মেনে নিতে হবে। কেউ যদি ওর কথা না মানে, তাহলে সে গম্ভীরের ‘হিট লিস্ট’-এ চলে যাবে। তারপর ও তাকে সমস্যায় ফেলতে চেষ্টা করবে।”
তবে প্রাক্তন ক্রিকেটার কেবল গম্ভীর এর সমালোচনায় করেননি, তিনি এটাও বলেছেন যে, গম্ভীরের এই লড়াকু মানসিকতাই তাঁকে ক্রিকেটে সফল করেছে। তাঁর মতে, গম্ভীর সবসময় একটা লড়াইয়ের মধ্যে থাকতে পছন্দ করেন। মাঠে হোক বা মাঠের বাইরে, তার এই লড়াকু মানসিকতা থেকেই তিনি নিজের সেরা পারফরম্যান্স বের করে আনেন।
Football World Cup: “বিশ্বকাপের ম্যাচ দেখলেই লাখ লাখ টাকা”, বিশাল অঙ্কের চাকরি দিচ্ছে এই সংস্থা
অতুল ভারতীয় দলে প্লেয়ার নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “একজন ক্রিকেটার যদি সবসময় এটা ভাবতে থাকে যে পরের ম্যাচে সে খেলবে কি না, তাহলে তার মধ্যে ভয় তৈরি হয়। সেই ভয় ধীরে ধীরে একজন হিরোকে জিরো বানিয়ে দিতে পারে।” অতুলের মতে, বর্তমানে ভারতীয় দলের কিছু ক্রিকেটারের মধ্যেও সেই নিরাপত্তাহীনতা কাজ করছে।
উল্লেখ্য, ২০১৭-১৮ মরশুমে দিল্লি দলের অধিনায়কত্ব থেকে গম্ভীরকে (Goutam Gambhir) সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় দিল্লির নির্বাচক কমিটির প্রধান ছিলেন অতুল ওয়াসান। পরে গম্ভীর অভিযোগ করেছিলেন, তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি।
তবে এই প্রথম নয় এর আগেও গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছিলেন অতুল ওয়াসন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ হারার পর তিনি বলেছিলেন, ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার দায় স্বাভাবিকভাবেই কোচের উপর এসে পড়ে। যদিও সেই সময় তিনি এটাও বলেন যে, গম্ভীরের উপর চাপ অনেক বেশি এবং পরিস্থিতিও সহজ ছিল না।
উল্লেখ্য, গৌতম গম্ভীর (Goutam Gambhir) ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দলে একাধিক পরিবর্তন দেখা গেছে। নতুন সাপোর্ট স্টাফ, নতুন কৌশল এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছেন তিনি। একদিকে দল সাফল্যও পাচ্ছে, অন্যদিকে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। বিশেষ করে সিনিয়র ও তরুণ ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং কোন প্লেয়ার কে কোন ফরমেটে কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে।












