পশ্চিম বর্ধমানের আসানসোলের রেলপাড় কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। ফৈজ-এ-আমবাগ পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই ২১ জনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের দাবি, ধৃতদের মধ্যে শুধু রেলপাড় এলাকার বাসিন্দারাই নন, পুরনো স্টেশন ও রঙ্গনিয়া পাড়ার বেশ কয়েকজনও রয়েছেন। ফলে তদন্তকারীদের অনুমান, ঘটনার পিছনে বাইরের লোকজনেরও যোগ থাকতে পারে। (Asansol Police Outpost Attack)
শুক্রবার রাতে জাহাঙ্গির মহল্লা এলাকায় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, পুলিশ প্রশাসনের তরফে নিয়ম মেনে শব্দ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। এরপরই উত্তেজিত জনতার একাংশ ফৈজ-এ-আমবাগ পুলিশ ফাঁড়িতে চড়াও হয়। ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয় এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা করা হয়। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন। (Asansol Police Outpost Attack)
পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পাশাপাশি কাঁদানে গ্যাসও ফাটানো হয়। রাতভর এলাকায় উত্তেজনা বজায় থাকলেও পরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর থেকেই তৎপর হয়ে ওঠে কমিশনারেট। এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিয়ো এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। টানা অভিযানে একাধিক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের মধ্যেই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। (Asansol Police Outpost Attack)
পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তদন্ত এখনও চলছে। হামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের কড়া বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কোনওভাবেই রেয়াত করা হবে না।
বকুলতলায় বেআইনি অস্ত্র কারবারের হদিস, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজ










1 thought on “Asansol Police Outpost Attack: আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা, CCTV দেখে গ্রেফতার ২১”