---Advertisement---
lifezone nursing home

NEET-কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, গ্রেফতার পুণের অধ্যক্ষ, মোট ১১ গ্রেফতার

May 25, 2026 2:28 PM
NEET-UG
---Advertisement---

NEET-UG ২০২৬ পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও গভীর হচ্ছে। একদিকে প্রশ্নফাঁস মামলায় পুণের এক স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করে তদন্তে বড় অগ্রগতির দাবি করেছে সিবিআই-এর, অন্যদিকে পরীক্ষা বাতিলের জেরে মহারাষ্ট্রে এক NEET পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্টেও, যেখানে আদালত মন্তব্য করেছে— আগের ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়া হয়নি। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সুপ্রিম কোর্টের প্রশ্ন: “এত কিছুর পরও শিক্ষা নেওয়া হয়নি?”

NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস বিতর্কে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার, শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে নোটিস জারি করেছে। শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে জানায়, অতীতের প্রশ্নফাঁসের ঘটনার পরও পর্যাপ্ত শিক্ষা নেওয়া হয়নি— যা অত্যন্ত উদ্বেগজনক।

আদালত জানতে চেয়েছে, আগের নির্দেশ অনুযায়ী গঠিত হওয়া, মনিটরিং কমিটির কী অবস্থা এবং বর্তমানে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হচ্ছে। এই মামলায় আবেদনকারী সংগঠন ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA) অভিযোগ করেছে, NEET পরিচালনায় NTA-র “ব্যবস্থাগত ব্যর্থতা” সামনে এসেছে। তাদের দাবি, NTA-র পরিবর্তে আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর ও স্বশাসিত পরীক্ষা পরিচালনাকারী সংস্থা গঠন করা হোক।

আবেদনে আরও বলা হয়েছে, পুনরায় NEET-UG ২০২৬ পরীক্ষা নেওয়া হলে তা বিচারবিভাগীয় তত্ত্বাবধানে হওয়া উচিত। পাশাপাশি প্রশ্নপত্রে ডিজিটাল লকিং ব্যবস্থা, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যতে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট NTA-কে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারণ করেছে।

NEET exam: “নিট” কি এখনও নিট দুরাশা

পুণের স্কুল অধ্যক্ষ গ্রেফতার, টাকার বিনিময়ে প্রশ্ন ভাগ করার অভিযোগ

এই মামলায় তদন্তে বড় মোড় আসে যখন সিবিআই পুণের শেঠ হিরালাল সারাফ প্রশালার অধ্যক্ষ মনীষা সঞ্জয় হাভালদারকে গ্রেফতার করে। তদন্তকারী সংস্থার দাবি, তিনি NEET-UG ২০২৬ প্রশ্নফাঁসের অন্যতম “উৎস” হিসেবে কাজ করেছেন।

হাভালদার পরীক্ষার সময় ফিজিক্স অনুবাদক হিসেবে নিযুক্ত ছিলেন। সিবিআইয়ের অভিযোগ, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রশ্ন সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এবং পরে কিছু নির্বাচিত ছাত্রের কাছে অর্থের বিনিময়ে তা পৌঁছে দেন। তদন্তে আরও উঠে এসেছে যে, তিনি হাতে লেখা নোট তৈরি করে তা সংরক্ষণ করেছিলেন। পরে সেই তথ্য হোয়াটসঅ্যাপ বার্তা এবং ছাপানো কপির মাধ্যমে পরীক্ষার আগেই কিছু শিক্ষার্থীর কাছে পৌঁছায় বলে অভিযোগ।

সিবিআই আদালতে জানিয়েছে, এই কাজে তাঁর সঙ্গে যুক্ত ছিলেন পুণের মডার্ন কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা মন্ধারে, যিনি ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন। সূত্রের দাবি, হাভালদার স্বীকার করেছেন যে তিনি নিজের অনুবাদ করা বা রিভার্স-ট্রান্সলেট করা ফিজিক্সের কিছু প্রশ্ন এক শিক্ষার্থী এবং সহ-অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

তদন্তে আরও অভিযোগ, তিনি একজন ছাত্রের কাছ থেকে ২০ হাজার টাকা এবং অন্য একজনের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছিলেন। পাশাপাশি তদন্তের অগ্রগতিতে বাধা দিতে তিনি নথি পুড়িয়ে ফেলেন এবং সহ-অভিযুক্তের সঙ্গে চ্যাটও মুছে দেন বলে অভিযোগ।

গ্রেফতারের পর তাঁকে আদালতে তোলা হয়েছে এবং বর্তমানে ট্রানজিট রিমান্ডে রাখা হয়েছে। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সিবিআই জানিয়েছে, এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে, লাতুর এবং আহিল্যানগর থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাম্পের ফোনে মোদি-র প্রশংসার বন্যা, দিল্লির মঞ্চেই বললেন “আমি মোদিকে ভালবাসি”

পরীক্ষা বাতিলের ধাক্কায় মানসিক চাপে ছাত্রীর আত্মহত্যা

পুলিশের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের লাতুরে গোঁদেগাঁও গ্রামের বাসিন্দা মৈথিলী অশোক সোনওয়ানে ১৬ মে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তাঁর বাবা, পেশায় কৃষক, জানিয়েছেন মেয়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। মৃতার পরিবার দাবি করেছে, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ছিলেন।

তিনি দাবি করেন, মৈথিলী পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন এবং পরীক্ষাও ভালো হয়েছিল বলে মনে করতেন। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগের জেরে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর তিনি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং মানসিক চাপ সামলাতে পারেননি।

পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। উল্লেখ্য, ৩ মে অনুষ্ঠিত NEET-UG ২০২৬ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের জেরে ১২ মে বাতিল করে NTA। পুনরায় পরীক্ষা নেওয়ার দিন ধার্য হয়েছে ২১ জুন। এ বছর প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য নথিভুক্ত করেছিলেন।

NEET-UG ২০২৬ বিতর্ক এখন আর শুধু প্রশ্নফাঁসের তদন্তে সীমাবদ্ধ নেই— এটি দেশের পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা এবং প্রতিষ্ঠানগত দায়বদ্ধতার প্রশ্ন হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের নজরদারি, সিবিআই তদন্ত এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ— আগামী কয়েক সপ্তাহে এই তিন দিকই নির্ধারণ করবে এই বিতর্কের পরবর্তী পথ।

দিল্লিতে তাপপ্রবাহের দাপট, জারি হল হলুদ সতর্কতা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “NEET-কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, গ্রেফতার পুণের অধ্যক্ষ, মোট ১১ গ্রেফতার”

Leave a Comment