এন্টালির বিধায়ক তথা বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহা। চুরি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের অভিযোগে বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। তীব্র আপত্তি জানায় তৃণমূল কংগ্রেসের (TMC) পরিষদীয় দল। এবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা করে তিনি বলেন, “এন্টালি বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী যিনি ছিলেন, ওই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে, অন্য বিধানসভা কেন্দ্র থেকে লোক নিয়ে এসে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়।”
ঋতব্রত (Ritabrata Banerjee) আরও জানান, সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় নিউ মার্কেট থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। কিন্তু সেই অধিকারের নামে যদি কোনও ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয় কিংবা অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তবে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি, শমীক ভট্টাচার্য, নিশ্চিতভাবে এই ঘটনাকে সমর্থন করবেন না।”
রাজ্যের বিরোধী দলনেতা জানান, “ঘটনার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শুধু রাজনৈতিক সমর্থন নয়, ব্যক্তিগতভাবেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন”।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন, কোনওরকম হিংসায় যুক্ত না থাকার কথা বলেছেন। তারপরও বিজেপির কর্মী-সমর্থকরা হামলা চালাচ্ছেন কীভাবে? আজ সেই প্রশ্ন তুলেছেন ‘আসল তৃণমূলের’ নেতারা।












1 thought on “সন্দীপনের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, তীব্র আপত্তি ঋতব্রতদের, থানায় অভিযোগ দায়ের”