চোখে চোখ রেখে প্রেমের কথা নয়, বরং সংসার টিকিয়ে রাখার ছোট্ট এক মন্ত্র। সদ্য বিয়ে করা দম্পতিদের জন্য সেই পরামর্শই দিলেন শাহরুখ খান। প্রশ্ন ছিল, সুখী দাম্পত্য জীবনের ‘গ্রিন ফ্ল্যাগ’ কী? উত্তর দিতে গিয়ে শাহরুখ বললেন, “একে অপরের রঙে রঙিন হয়ে যাও। এমনভাবে মানিয়ে নাও, যাতে দু’জনেই একে অপরকে আরও সুখী করতে পারো।” ৬০ বছরের অভিনেতার এই সহজ কথাতেই যেন উঠে এল সম্পর্কের এক বড় সত্যি। (ShahRukh Khan Marriage Tips)
‘অ্যাডজাস্টমেন্ট’ মানেই নিজেকে হারানো নয়
শাহরুখের কথার ব্যাখ্যা দিতে গিয়ে সাইকোথেরাপিস্ট এবং রিলেশনশিপ ব্রেকথ্রু কোচ ডেলন্না রাজেশ বলেন, কোনও সম্পর্কেই দু’জন মানুষ আগের মতো হুবহু নিজের জীবন চালিয়ে যেতে পারেন না। একে অপরের জন্য কিছুটা বদলাতেই হয়। (ShahRukh Khan Marriage Tips) তবে সেই বদল যেন একতরফা না হয়। কখনও সঙ্গীর সঙ্গে কথা বলার ধরন বদলাতে হয়। কখনও সপ্তাহান্ত কীভাবে কাটবে, কে সংসারের কোন দায়িত্ব নেবে, টাকা কীভাবে খরচ হবে—এসব নিয়েও সমঝোতা করতে হয়। এমনকি সঙ্গীর খারাপ দিন গেলে তাঁকে একটু একা থাকার সুযোগ দেওয়াও সম্পর্কের যত্নের অংশ।
সমঝোতা হোক দু’দিকেই
সমস্যা শুরু হয় যখন মানিয়ে নেওয়া মানে হয়ে দাঁড়ায় নিজের ইচ্ছা, প্রয়োজন বা পরিচয়কে সরিয়ে রাখা। ডেলন্নার মতে, অসুস্থতা, কাজের চাপ, গর্ভাবস্থা বা কঠিন সময়ে একজন হয়তো বেশি দায়িত্ব নিতেই পারেন। প্রতিদিন সবকিছু সমান হওয়া জরুরি নয়। তবে দীর্ঘমেয়াদে দু’জনের মধ্যেই পারস্পরিকতার অনুভূতি থাকা দরকার।অর্থাৎ, “আমার সুখ যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার সুখও তেমনই গুরুত্বপূর্ণ”—এই জায়গাটাই সম্পর্ককে শক্ত করে।
দু’টি রং থাক, সম্পর্কের ছবি হোক নতুন
ডেলন্না আরও বলেন, ভালোবাসায় দু’জন মানুষ একে অপরকে প্রভাবিত করেন। কথা বলার ধরন, অভ্যাস, পছন্দ কিংবা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে দু’জনের আলাদা পরিচয় মুছে যাবে। বরং দু’জনের নিজস্ব রং বজায় রেখেই তৈরি হতে পারে সম্পর্কের নতুন ছবি। বিয়ের আগে বা পরে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাই কয়েকটি প্রশ্ন ভেবে দেখা দরকার। নিজের ইচ্ছায় কি বদলাচ্ছেন, নাকি না বলতে ভয় হচ্ছে? সঙ্গীও কি আপনার প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছেন? কোনও অভ্যাস বদলাচ্ছেন, নাকি নিজের গুরুত্বপূর্ণ মূল্যবোধ বা সীমারেখা ছেড়ে দিচ্ছেন? মতের অমিল হলেও কি নিজের কথা বলা যায়? (ShahRukh Khan Marriage Tips)
শেষ কথা একটাই যে ভালোবাসায় মানিয়ে নেওয়া দরকার। কিন্তু সেই মানিয়ে নিতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলা নয়। সুখী সংসারে দু’জনেরই ভালো থাকা জরুরি।












