রাজ্যে ফের কোটি কোটি টাকার হদিশ। এবার মালদার মঙ্গলবাড়ি এলাকার ঘটনা। মালদার মঙ্গলবাড়িতে ফ্ল্যাট থেকে উদ্ধার আড়াই কোটি নগদ টাকা। টাকা গুনতে আনা হয় তিনটি মেশিন। রাতভর স্পেশাল অপারেশন টিমকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ যৌথভাবে টাকা গোনার কাজ করে (Malda)।
Malda: কোথা থেকে এলো এত টাকা?
সূত্রের খবর, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুর জেলার মেহেন্দ্রী পাড়াতে তল্লাশি চালিয়ে ১৫০০টি নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। সেখান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাচারচক্রের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পরই যৌথভাবে তদন্তে নামে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। ধৃত ৪ জনকে নিয়ে তদন্তে নামে পুলিশ। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো নগদ প্রায় আড়াই কোটি টাকা (Malda)।
তদন্তে কী উঠে এসেছে?
পুলিশ সূত্রে খবর, মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি বহুতলের তৃতীয় তলায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা। সেই ফ্ল্যাটের তৃতীয় তলায় এক ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। সেখান থেকে এই টাকা উদ্ধার হয়েছে।
দিলীপ সাহার বক্তব্য, “ভাড়াটিয়া পিন্টু সরকার মালদারই বাসিন্দা। বিয়ে করবে বলে এই বাড়ি ভাড়া তাঁর খুব দরকার বলে সে জানায়। আমার কাছে সব ডকুমেন্টই আছে। পরিচিত ছেলে বলেই ভাড়া দিয়েছিলাম। এখন সবটা শুনতে পাচ্ছি। আমরা একটুও বুঝতে পারিনি।”
সোমবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা। তিনি জানান, রবিবার রাতে তাঁরা তল্লাশি চালিয়ে, মালদা থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছেন। সঙ্গে ৯ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করেছেন। পাশাপাশি ২০ গ্রাম সোনা সহ একটি গাড়ি ও ৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন বলে জানান। অভিযুক্তদের আজ জেলা আদালতে তোলা হয়। ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, উদ্ধার হওয়া নগদ টাকা ও নিষিদ্ধ কাশির সিরাপের মধ্যে যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। এই কারবারের সঙ্গে কোনও আন্তঃরাজ্য মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।









3 thoughts on “ফের টাকার পাহাড়! মাদক তল্লাশি অভিযানে গিয়ে মিলল কয়েক কোটির হদিশ”