অপেক্ষার অবসান। পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের। রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। অর্থ দফতরের অতিরিক্ত প্রধান সচিব পি. কে. মিশ্রের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে ডিএ ও ডিআর কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে শুধু রাজ্য সরকারের পূর্ণকালীন কর্মচারীরাই নন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, বিভিন্ন সরকারি সংস্থা ও সরকারি আন্ডারটেকিংয়ের কর্মীরাও বাড়তি ডিএর সুবিধা পাবেন। পাশাপাশি লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পারিবারিক পেনশনভোগীরাও সংশোধিত হারে ডিআর পাবেন।
DA Increased: আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার বিজ্ঞপ্তি
চলতি বছরের বাজেটে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিল। প্রথমে জানানো হয়েছিল, সেই বৃদ্ধি নভেম্বর মাস থেকে কার্যকর হবে। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুর্গাপুজোর আগেই কর্মীদের হাতে বাড়তি ডিএ পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার অক্টোবর মাস থেকেই নতুন হার কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন, তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে রোপা ২০০৯ অনুযায়ী পুরনো হারে পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরও ১৭১ শতাংশ থেকে ২২৩ শতাংশ পর্যন্ত করা হয়েছে। এছাড়াও, ন্যূনতম মজুরি আইনের আওতার বাইরে থাকা ডেইলি রেটেড কর্মীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। তাঁদের দৈনিক মজুরিতে ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। (DA Increased)
ডিলিমিটেশন বিল ঘিরে তৎপরতা, সংখ্যার অঙ্ক মেলাতে ব্যস্ত কেন্দ্র
তবে অর্থ দফতর স্পষ্ট করে দিয়েছে, সরকারি আন্ডারটেকিং এবং স্বশাসিত সংস্থাগুলিকে অতিরিক্ত ডিএ ও ডিআরের খরচ নিজেদের তহবিল থেকেই বহন করতে হবে। এই খাতে রাজ্য সরকার আলাদা কোনও আর্থিক সহায়তা দেবে না।
সরকারি সিদ্ধান্তকে স্বাগত
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী কর্মীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চও সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে।
অন্যদিকে, সিপিএমের কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, ডিএ বৃদ্ধি ইতিবাচক হলেও জাতীয় মূল্য সূচকের ভিত্তিতে বাকি ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত।
শিক্ষক সংগঠনগুলিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে তাদেরও দাবি, বকেয়া ডিএ দ্রুত পরিশোধ করতে হবে। (DA Increased)
সব মিলিয়ে, পুজোর আগে ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, কর্মী এবং পেনশনভোগীর হাতে অতিরিক্ত অর্থ পৌঁছবে। প্রশাসনিক মহলের মতে, এর ফলে উৎসবের মরসুমে বাজারে কেনাকাটা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।












1 thought on “১ অক্টোবর থেকেই ৩৮% ডিএ-ডিআর কার্যকর, বিজ্ঞপ্তি জারি নবান্নের”