রাজ্যে পালাবদলের পর প্রথমবার স্বাধীনতা দিবস পালন করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। তাই স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে এবার নতুন চমক আনতে চায় প্রশাসন। আগামী ১৫ আগস্ট কলকাতার রেড রোডে আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে ১১টি সুসজ্জিত ট্যাবলো প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান তুলে ধরা হবে এই ট্যাবলোগুলির মাধ্যমে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। (15th August Celebration)
সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরবে ট্যাবলো
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের ট্যাবলোগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে। অন্নপূর্ণা যোজনা, ভিবিজি রামজি প্রকল্প, আবাস যোজনা এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার মতো উদ্যোগকে তুলে ধরা হবে আকর্ষণীয়ভাবে।
শুধু তাই নয়, স্বাস্থ্য, পূর্ত, পরিবহণ, বিদ্যুৎ, পঞ্চায়েত-সহ মোট ১০টি সরকারি দফতর নিজেদের উন্নয়নমূলক কাজ, পরিষেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্রও ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরবে। এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও সরকারি প্রকল্পভিত্তিক ট্যাবলো থাকত, তবে সংখ্যায় ছিল তুলনামূলকভাবে অনেক কম। এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১১-তে নিয়ে যাওয়া হয়েছে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের বিশেষ প্রদর্শনী
এবারের কুচকাওয়াজের অন্যতম বিশেষ আকর্ষণ, জনসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও দেশের প্রতি তাঁর অবদানকে কেন্দ্র করে বিশেষ একটি ট্যাবলো। (15th August Celebration)
এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের চিত্র তুলে ধরা হবে। কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা এবং পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতামূলক বার্তাও স্থান পাবে ট্যাবলোগুলিতে।
১ অক্টোবর থেকেই ৩৮% ডিএ-ডিআর কার্যকর, বিজ্ঞপ্তি জারি নবান্নের
সকাল সাড়ে ১০ টায় শুরু অনুষ্ঠান
১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টিরও আয়োজন রাখা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলবে গোটা অনুষ্ঠান।
কড়া নিরাপত্তার বলয়ে রেড রোড
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সম্প্রতি সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে রেড রোড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠানের দিন গোটা এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে বিশেষ পুলিশ পিকেট। (15th August Celebration)
নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের বিশেষ শাখা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার আধিকারিকরা। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের এবারের অনুষ্ঠানকে সুষ্ঠু, নিরাপদ ও স্মরণীয় করে তুলতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।










