জুলাই পেরিয়ে অগাস্ট চলছে। এখনও অনেক মহিলারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অনেকে আবার আগের মাসের ১ তারিখেই টাকা পেলেও এই মাসে কেন এখনও টাকা ঢুকলো না-তা নিয়ে চিন্তায় পড়েছেন। তবে আর চিন্তা নয়, এবার ১৫ অগাস্টের পর থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে বলেই জানিয়েছে সরকার। চলতি বছরের আগস্ট মাসের ৩ হাজার টাকার অনুদান সেপ্টেম্বর পর্যন্ত গড়াবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। তবে আবেদনপত্রে ভুল তথ্য, অসঙ্গতি বা যোগ্যতার মানদণ্ডে গরমিল ধরা পড়লে সেই আবেদন বাতিল করা হতে পারে।
Annapurna Yojona: ১৫ অগাস্টের পর ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা
বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং এমসিসিআই লেডিস ফোরামের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানান, সরকারের লক্ষ্য প্রকৃত প্রাপকদের হাতে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। সেই কারণেই আবেদনপত্রের প্রতিটি তথ্য খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। মন্ত্রীর বক্তব্য, ১৫ অগাস্টের পর থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
ভুল তথ্যে বাতিলের সম্ভাবনা, বিডিও অফিসে শুরু সমীক্ষা
মন্ত্রী স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, যাঁদের পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল বা যাঁরা নিয়মিত আয়কর দেন, তাঁদের পরিবারের সদস্যরা কেন এই প্রকল্পের সুবিধা পাবেন? তাঁর মতে, অন্নপূর্ণা যোজনা মূলত আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত প্রয়োজনীয় মহিলাদের জন্য। তাই কোনও অযোগ্য ব্যক্তি যাতে সরকারি অর্থের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
দফতর সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় বহু ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। কিছু আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, পারিবারিক আয়ের বিবরণ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে সরকারি নথির মিল পাওয়া যায়নি। আবার বহু যোগ্য আবেদনকারীর ক্ষেত্রেও সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করার সময় তথ্যগত ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে শুধুমাত্র তথ্যগত ত্রুটির কারণেও অনেক আবেদন পুনরায় যাচাইয়ের আওতায় এসেছে।
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ভুলগুলো করেননি তো?
এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি ব্লকে বিডিও অফিসের মাধ্যমে বিস্তারিত সমীক্ষা ও নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আবেদনকারীদের পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, পারিবারিক আয় এবং প্রকল্পের যোগ্যতার মানদণ্ড খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে এবং তারপর পর্যায়ক্রমে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
সরকারি সূত্রের বক্তব্য, এই অতিরিক্ত যাচাইয়ের মূল উদ্দেশ্য হলো যাতে কোনও প্রকৃত উপভোক্তা বঞ্চিত না হন এবং সরকারি অর্থ কোনওভাবেই অপাত্রের হাতে না পৌঁছায়। তাই যাঁরা আবেদন করেছেন, তাঁদের সঠিক তথ্য জমা দেওয়ার পাশাপাশি সরকারি ঘোষণার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দিয়েছে প্রশাসন।










