বালুরঘাট স্টেশনে শানটিংয়ের সময় লাইনচ্যুত হল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। আউটলাইন থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আনার সময় আচমকাই ইঞ্জিনের সামনের চাকা লাইনের বাইরে নেমে যায়। বড়সড় বিপদ থেকে রক্ষা। (Farakka Express Derailed)
শানটিংয়ের সময়ই বিপত্তি
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় বালুরঘাট থেকে ফরাক্কা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। সেই কারণে দুপুরে আউটলাইন থেকে ট্রেনটিকে ৩ নম্বর প্ল্যাটফর্মে আনার কাজ চলছিল। শানটিংয়ের সময় আচমকাই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সামনের অংশ লাইনের বাইরে চলে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশনে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কী কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। (Farakka Express Derailed)
ট্রেন ছাড়ার সময় নিয়ে সংশয়
ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস আদৌ বালুরঘাট থেকে ছাড়তে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। লাইনচ্যুত ইঞ্জিনটি দ্রুত লাইনে তোলার চেষ্টা রেল শুরু করে। রেল সূত্রে খবর, ইঞ্জিন উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। কাটিহার থেকে উদ্ধারকারী ট্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই উদ্ধারকারী ট্রেন একলাখিতে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
তদন্তে রেল আধিকারিকরা
শানটিংয়ের সময় কী ভাবে ইঞ্জিন লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। শানটিংয়ের গতি, লাইনের অবস্থা এবং কোনও প্রযুক্তিগত সমস্যা ছিল কি না, তা দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। যাত্রী না থাকায় কোনও আহতের খবর নেই। তবে গুরুত্বপূর্ণ সময়ে বালুরঘাট স্টেশনে এই ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। (Farakka Express Derailed)











