---Advertisement---
lifezone nursing home

Venezuela: ‘বন্ধু বিদায় করতে হবে’, ভেনেজুয়েলাকে শর্ত ট্রাম্পের

January 7, 2026 7:18 PM
---Advertisement---

ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার সুযোগে সেদেশের বিশাল তেলের ভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর এখন অন্তর্বর্তিকালীন প্রধান ডেলসি রদ্রিগেজের সামনে কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন ট্রাম্প। শর্তটি খুব সহজ কিন্তু বেশ চড়া—যদি ভেনেজুয়েলা তাদের খনি থেকে তেল তুলতে চায়, তবে প্রথমেই চিন, রাশিয়া, ইরান ও কিউবার মতো পুরোনো বন্ধুদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। অর্থাৎ, এতদিন যারা দুর্দিনে ভেনেজুয়েলার পাশে ছিল, তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেই মিলবে আমেরিকার ‘সবুজ সংকেত’। (Venezuela)

ট্রাম্পের এই দাবি কেবল বন্ধু বিচ্ছেদে থেমে নেই। তিনি পরিষ্কার জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদনে অংশীদার হিসেবে থাকবে একমাত্র আমেরিকা। অন্য কোনও দেশ সেখানে ভাগ বসাতে পারবে না। এমনকী ভারী অপরিশোধিত তেল বিক্রির সময়ও ভেনেজুয়েলাকে সবসময় আমেরিকার স্বার্থ দেখতে হবে। ট্রাম্প আরও দাবি করেছেন, ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে, যা তিনি বাজার মূল্যে বিক্রি করবেন। ঘুরপথে দাম ঠিক করবে আমেরিকাই। আশ্চর্যের বিষয় হলো, এই তেল বিক্রির বিশাল অঙ্কের টাকা ভেনেজুয়েলা পাবে না, বরং সেই তহবিল থাকবে খোদ ট্রাম্পের নিয়ন্ত্রণে। তিনি দাবি করছেন, এই টাকা তিনি দুই দেশের মানুষের ভালোর জন্য খরচ করবেন, যা অনেকের কাছেই নিজের সম্পদ অন্যের পকেটে রাখার মতো শোনাচ্ছে। (Venezuela)

আমেরিকা কেন এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো ভেনেজুয়েলার বর্তমান অবস্থা। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং অন্য পদস্থ কর্মকর্তারা জানেন যে, দেশটির তেলের ট্যাঙ্কারগুলো এখন ভর্তি হয়ে আছে কিন্তু সেগুলো কোথাও পাঠানোর উপায় নেই। মার্কিন নিষেধাজ্ঞার চাপে ভেনেজুয়েলার অর্থনীতি আজ ধ্বংসের মুখে, তেল কূপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই অভাবকে পুঁজি করেই আমেরিকা এখন দেশটিকে একরকম জিম্মি করতে চাইছে। সেনেটর রজার উইকার বলেই দিয়েছেন, কোনও যুদ্ধ ছাড়াই কেবল তেলের জাহাজ আর ট্যাঙ্কার নিয়ন্ত্রণ করে ভেনেজুয়েলাকে বাধ্য করা সম্ভব। দিনশেষে প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলা কি দীর্ঘদিনের বন্ধুদের ত্যাগ করে আমেরিকার এই ‘তেল-শর্ত’ মেনে নিয়ে নিজের সম্পদের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেবে? (Venezuela)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment