শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন দীর্ঘদিনের বডি ডাবল পারভেজ কাজি। খবর পেয়েই তাঁর পাশে দাঁড়ালেন সালমান খান। শুধু খোঁজ নেওয়া নয়, পারভেজের চিকিৎসার ব্যবস্থাও নিজে দেখভাল করলেন বলিউডের ‘ভাইজান’। অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন পারভেজ। কয়েক দিন বিশ্রামের পর ফের শুটিংয়ে ফিরবেন তিনি। (Salman Khan)
আচমকাই অসুস্থ পারভেজ
আগামী ছবির শুটিং চলছিল সালমান খানের। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা। পরিচালক ভামশি পইদিপল্লি। সেই শুটিংয়ের মধ্যেই গত ৬ অগস্ট অসুস্থ হয়ে পড়েন পারভেজ। বাড়িতে থাকাকালীন শরীর খারাপ লাগতে শুরু করে তাঁর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট অস্ত্রোপচার করা হয়।
পারভেজের ম্যানেজার পীযূষ সংবাদমাধ্যমকে জানান, সালমান খবর পাওয়ার পরই পরিস্থিতির দায়িত্ব নেন। প্রয়োজনীয় চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা—সবকিছুই তিনি দেখেছেন। ম্যানেজারের কথায়, ‘‘সালমান স্যার পারভেজ স্যারকে ছোট ভাইয়ের মতো দেখেন। তাই খবর পেয়েই সাহায্যের জন্য এগিয়ে আসেন।’’ (Salman Khan)
কেমন আছেন পারভেজ?
অস্ত্রোপচারের পর আপাতত ভালো আছেন পারভেজ। চিকিৎসকের পরামর্শে কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। সুস্থ হয়ে দ্রুত শুটিংয়ে ফেরার কথা রয়েছে তাঁর।
পারভেজ অসুস্থ হওয়ায় ছবির অ্যাকশন দৃশ্যের একটি বড় অংশ নিজেই সামলেছেন সালমান। শুটিং যাতে বেশি দিন থেমে না থাকে, সেদিকেও নজর রেখেছেন অভিনেতা। (Salman Khan)
২০২৭-এর ইদে আসছে ‘মনস্টার’
দিল রাজুর প্রযোজনায় ভামশি পইদিপল্লির পরিচালনায় তৈরি হচ্ছে সালমানের এই প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি। ছবির নাম ‘মনস্টার’ বলে জানা গিয়েছে। নয়নতারাও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০২৭ সালের ইদে ছবিটি মুক্তির লক্ষ্যে এগোচ্ছে নির্মাতারা।
এদিকে সেপ্টেম্বর থেকে ‘বিগ বস হিন্দি’-র ২০তম মরসুমের সঞ্চালনায় ফিরবেন সালমান। পাশাপাশি ‘মাতৃভূমি’ ছবির মুক্তির অপেক্ষাতেও রয়েছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিংহ। (Salman Khan)
আরও পড়ুন :- ইউরোপের রেসে গাড়ি দুর্ঘটনা, কেমন রয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার?












