ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় দফতরে ভোররাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে বলে দাবি তৃণমূলের। সেই সময় দফতরে থাকা কর্মীদের মারধর করা হয় এবং তাঁদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে তৃণমূল। (Attack at TMC Camac Street Office)
দফতরে হামলার ঘটনায় সরব অভিষেক
ঘটনার পরই সমাজমাধ্যমে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, হামলার খবর ফোন এবং ই-মেলের মাধ্যমে পুলিশকে জানানো হলেও প্রায় দু’ঘণ্টা কোনও পুলিশি সাড়া পাওয়া যায়নি। এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি দফতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিও তোলেন অভিষেক।
কালীঘাট তৃণমূলের অভিযোগ, হামলাকারীরা অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকেছিল, প্রত্যেকের মুখ ঢাকা ছিল। অফিসের ভিতরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে থাকা কর্মীদের উপরেও চড়াও হয় তারা। যদিও এই হামলার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করছে শাসকদল। তাঁদের পাল্টা অভিযোগ, প্রচারের আলোয় থাকার জন্য তৃণমূলই গোটা ঘটনাটি সাজিয়ে থাকতে পারে। এই ঘটনার পর আপাতত অফিসের বাইরে পুলিশ পোস্টিং করা হয়েছে।
ছাদ ভেঙে আহত ৭, ভয়াবহ দুর্ঘটনা দার্জিলিংয়ের টয় ট্রেনে
এদিকে ক্যামাক স্ট্রিটের এই অফিসকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছিল। সম্প্রতি বেআইনি ভাবে লাগানো একটি হোর্ডিং খুলতে সেখানে গিয়েছিলেন কলকাতা পুরসভা ও পুলিশের কর্মীরা। সেই সময় তৃণমূলের সঙ্গে তাঁদের বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। সরকারি কাজে বাধা, পুলিশ ও পুরকর্মীদের উপর হামলা এবং মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে শেক্সপিয়র সরণী থানায় একাধিক মামলা দায়ের হয়েছে।
সেই মামলার তদন্তেই আগেই থানায় হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার থানায় হাজিরা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ও। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। (Attack at TMC Camac Street Office)
এর মধ্যেই ফের সেই অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এখন তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর সকলের।












1 thought on “ভোররাতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর, বিজেপিকে নিশানা কালীঘাট তৃণমূলের”