ঘূর্ণিঝড় ‘অর্ণবের ‘প্রভাবে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গে। সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে ২৮ ও ২৯ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। (Weather Update)
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ২৭ অক্টোবর মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থাকতে পারে। ২৮ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। ৩০ ও ৩১ অক্টোবর কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
কীভাবে এগোবে ঘূর্ণিঝড়?
হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৬ অক্টোবর সোমবার পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে সেটি। বর্তমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ ৮৫ কিলোমিটার। ২৬ অক্টোবর মধ্যরাতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। ২৭ অক্টোবর তা আরও শক্তিশালী হয়ে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে বইতে পারে। বুধবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ ১৪০ কিলোমিটার।
উত্তরবঙ্গে বৃষ্টি, মৎস্যজীবীদের সতর্কতা
উত্তরবঙ্গে ২৮ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ২৯ অক্টোবর দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ে ধসের আশঙ্কাও রয়েছে।অন্যদিকে, ২৬ অক্টোবর সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ অক্টোবর থেকে গভীর সমুদ্রে এবং ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Weather Update)










