নয়াদিল্লির নর্থ ব্লকে সোমবার আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ায়। রাষ্ট্রপতি ভবনের কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের ছাদ থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন আধিকারিকরা। (Rashtrapati Bhavan Fire)
ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন আগুন
দমকল সূত্রে জানা গিয়েছে, নর্থ ব্লকের একটি ভবনের ছাদে থাকা এসির বয়লারে আগুন লাগে। সেই সময় সেখানে নির্মাণকাজের পাশাপাশি ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। (Rashtrapati Bhavan Fire) দিল্লি ফায়ার সার্ভিস (DFS) জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরেই ছ’টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। দমকলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ধোঁয়া দেখে ছবি পোস্ট
এদিকে, শিবসেনার রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরা সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন। সেই দৃশ্যের ছবি তিনি সমাজমাধ্যম এক্সে পোস্ট করেন। পোস্টে মিলিন্দ লেখেন, সংসদে যাওয়ার সময় নর্থ ব্লকের পিছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন তিনি। সেখানে আগুন লেগে থাকতে পারে বলে তাঁর মনে হয়। পাশাপাশি, সকলের নিরাপত্তা নিশ্চিত করার এবং জরুরি পরিষেবাগুলির দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করেন তিনি। (Rashtrapati Bhavan Fire)
এর আগেও সংসদ ভবনে আগুন
সংসদ ভবন চত্বরে আগুন লাগার ঘটনা বিরল। তবে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২২ সালের মে মাসে দিল্লির নতুন সংসদ ভবনে একটি সুরক্ষা জালে আগুন লাগে। খবর পেয়ে পাঁচটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। তবে দমকল পৌঁছনোর আগেই সংসদ চত্বরে থাকা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকদের জন্য তৈরি তিনটি অস্থায়ী আশ্রয়েও আগুন লাগার ঘটনা ঘটেছিল। (Rashtrapati Bhavan Fire)









