মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর দ্রুত উত্থানে এবার ভবিষ্যতের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লক্ষ্য একটাই—শুধু এক-দু’টি সিরিজে নয়, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলুক বৈভব। তাঁর কেরিয়ারকে সচিন তেন্ডুলকরের মতো দীর্ঘ ও সফল করার পথেই এগোতে চায় BCCI। (Vaibhav Sooryavanshi)
বৈভবকে নিয়ে বিশেষ পরিকল্পনা
বৃহস্পতিবার মুম্বইয়ে BCCI-এর উচ্চপর্যায়ের বৈঠকে বৈভবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানান, বৈভবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাঁর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে বোর্ড।
সইকিয়ার কথায়, বৈভব বা তাঁর মতো প্রতিভাবান ক্রিকেটাররা যেন সচিন তেন্ডুলকরের মতো দেশের হয়ে দীর্ঘদিন খেলতে পারেন, সেটাই BCCI-এর লক্ষ্য। তাই কোনও তাড়াহুড়ো নয়। বৈভবের কেরিয়ারে প্রতিটি সিদ্ধান্ত খুব সতর্কভাবে নেওয়া হবে। তাঁকে যেন ‘এক সিরিজ বা এক বছরের বিস্ময়’ হয়ে থেমে যেতে না হয়, সেদিকেই নজর বোর্ডের। (Vaibhav Sooryavanshi)
দলীপ ট্রফির ফাইনালে কি খেলবেন?
IPL 2026-এ নজর কাড়ার পর ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক হয় বৈভবের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20I সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে ১৫১ রান করে দ্রুত ঘুরে দাঁড়ান তিনি।
দলীপ ট্রফির সেমিফাইনালেও ব্যাট হাতে নজর কাড়েন বৈভব। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ৮১ বলে ৯২ রান করেন। এর ফলে দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করা ব্যাটার হন তিনি। দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান।
৬ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ইস্ট জোনের সঙ্গে সাউথ জোনের ফাইনাল। বৈভব খেলবেন কি না, তা নির্ভর করছে ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের উপর। সাউথ জোনে রয়েছেন কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল ও মহম্মদ সিরাজ। (Vaibhav Sooryavanshi)
শুধু বৈভব নন, নজরে আরও ১০-১৫ জন
BCCI সচিব জানিয়েছেন, বৈভব একা নন। প্রায় ১০-১৫ জন উঠতি ক্রিকেটারকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের দিকে নজর রাখছেন VVS লক্ষ্মণ।
এদিকে, ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের T20I সিরিজে দলে রয়েছেন বৈভব। এশিয়ান গেমসের দলেও থাকছেন তিনি। সেখানে কোচের দায়িত্বে থাকবেন VVS লক্ষ্মণ। (Vaibhav Sooryavanshi)
আরও পড়ুন :- Lionel Messi-ই কি ফুটবলের GOAT? এক পোস্টেই গোট-বিতর্কে জবাব












1 thought on “বৈভবের কেরিয়ার নিয়ে সতর্ক BCCI, দ্বিতীয় সচিন তৈরি করাই লক্ষ্য?”