আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ঢাকের বাদ্যি, কাশফুল আর শিউলির গন্ধে মেতে উঠবে বাংলা। দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাবে দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি। ভক্তদের বিশ্বাস, শরতের এই শুভ সময়ে কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন আদ্যাশক্তি মহামায়া।তবে পুজো এলেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে—এবার কীসে আসছেন মা? আর কীসে ফিরবেন?
শাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবীর আগমন এবং প্রস্থানের বাহনের সঙ্গে আগামী দিনের শুভাশুভের একটি যোগ রয়েছে। দেবী কোন বাহনে মর্ত্যে আসছেন এবং কোন বাহনে কৈলাসে ফিরছেন, তা নিয়েও রয়েছে নানা শাস্ত্রীয় ব্যাখ্যা।
Durgapur Puja: ঘোড়ায় আসছেন দেবী, কী বলছে শাস্ত্র?
শাস্ত্রমতে, এবারের ১৭ অক্টোবর, সপ্তমী শনিবার পড়েছে। সেই কারণে দেবীর আগমন ঘটবে ঘোটক বা ঘোড়ায়। শাস্ত্রে ঘোড়াকে ‘তুরঙ্গম’ বলা হয়।
প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায়, ঘোড়ায় দেবীর আগমন খুব একটা স্বস্তির ইঙ্গিত বহন করে না। বলা হয়—“ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। অর্থাৎ দেবী ঘোড়ায় এলে সমাজ ও রাষ্ট্রজীবনে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পরিবর্তন কিংবা সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো নানা আশঙ্কাও থাকে। সহজ কথায়, ঘোড়ায় দেবীর আগমনকে অশান্তি ও অস্থিরতার প্রতীক হিসেবেই দেখা হয়।
ভাদ্রের বৃষ্টিভেজা অন্ধকার রাতেই ধরায় এসেছিলেন শ্রীকৃষ্ণ, জানুন প্রভুর জন্মকথা
নৌকায় ফিরবেন মা, মিলবে কী ফল?
অন্যদিকে, ২১ অক্টোবর, বিজয়া দশমী পড়েছে বুধবার। ফলে শাস্ত্রমতে দেবীর কৈলাসে প্রত্যাবর্তনের বাহন হবে নৌকা।দেবীর নৌকায় গমনকে অবশ্য তুলনামূলকভাবে শুভ বলেই মনে করা হয়। প্রচলিত শাস্ত্রীয় বচন—“শস্যবৃদ্ধিস্তথাজলম”। অর্থাৎ দেবী নৌকায় ফিরলে শস্যের উৎপাদন বাড়তে পারে এবং জলসম্পদেরও বৃদ্ধি হতে পারে।
এর ফলে ধরিত্রী সুজলা-সুফলা হয়ে ওঠা, ভালো ফসল হওয়া এবং মানুষের মনস্কামনা পূরণের মতো শুভ ফলের কথা বলা হয়। তবে এর পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি, জলবন্দি বা বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। অবশ্য দেবীর আগমন-প্রস্থানের বাহন নিয়ে এই সমস্ত ব্যাখ্যা মূলত শাস্ত্রীয় বিশ্বাস ও প্রচলিত ধর্মীয় ধারণার অংশ। এর সঙ্গে ভবিষ্যতের বাস্তব ঘটনার সরাসরি কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। (Durgapur Puja)
তবে বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, আবেগ ও ঐতিহ্যেরও অংশ। তাই দেবীর আগমন কোন বাহনে, প্রস্থানইবা কোন বাহনে এই কৌতূহল প্রতি বছরই ভক্তদের মধ্যে থাকে।













1 thought on “দেবীর আগমন-প্রস্থানের বাহনেই লুকিয়ে থাকে শুভ-অশুভের ইঙ্গিত, এবারে কীসে আসছেন মা?”