রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের হড়পা বানের আশঙ্কা, হিমবাহ হ্রদ থেকে জল ছাড়া শুরু নেপালের

Published on: September 6, 2026
---Advertisement---

পাহাড়ের ঢালে বরফ গলছে। সেই জল জমে তৈরি হচ্ছে একের পর এক হিমবাহের হ্রদ। আর সেই হ্রদ ভেঙে গেলে মুহূর্তের মধ্যে পাহাড়ি নদী দিয়ে নেমে আসতে পারে বিপুল জলস্রোত। গত ২৬ অগস্ট ভোতেকোশি অঞ্চলের ভয়াবহ বন্যা সেই আশঙ্কাকেই আরও সামনে এনেছে। তাই চারটি বিপজ্জনক হিমবাহের হ্রদের জল কমানোর কাজ শুরু করছে নেপাল। কিন্তু বিজ্ঞানীদের মতে, শুধু জল কমালেই বিপদ কাটবে না। (Nepal Glacial Lakes)

নেপালের কোশি এবং গণ্ডকী অববাহিকার চারটি হ্রদকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সেগুলি হলো সোলুখুম্বুর লুমডিং তসো ও হংগু-২, সাঙ্খুওয়াসভার লোয়ার বারুন এবং মানাংয়ের থুলাগি বা ডোনা। ২০২০ সালে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD) এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি (UNDP) এই হ্রদগুলিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল। (Nepal Glacial Lakes)

৫০ মিলিয়ন ডলারের প্রকল্প

চার হ্রদের জলস্তর কমাতে প্রায় ৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে মিলেছে ৩৬.১৬ মিলিয়ন ডলার। নেপাল সরকার এবং সহযোগী সংস্থাগুলি দেবে আরও ১৩.৮ মিলিয়ন ডলার। প্রকল্পের নাম ‘GLOF Sanjeevani Project’। নেপালের জলবিদ্যা ও আবহাওয়া দফতর, UNDP-র সঙ্গে মিলে কাজটি করছে।

প্রকল্পের জাতীয় পরিচালক রাজন ভট্টরাই জানিয়েছেন, চলতি বছর মূলত পরামর্শক নিয়োগ এবং পরিবেশগত সমীক্ষার কাজ হবে। নির্মাণ শুরু হবে না। প্রথমে চূড়ান্ত নকশা তৈরি করা হবে। কতটা জল কমানো হবে, তা এখনও ঠিক হয়নি। তবে তসো রোলপা এবং ইমজার মতো প্রায় তিন-সাড়ে তিন মিটার জল কমানোর কথা ভাবা হচ্ছে। (Nepal Glacial Lakes)

তিন মিটার নিয়ে প্রশ্ন

বিজ্ঞানীদের আপত্তি এখানেই। ডোলাখার তসো রোলপা হ্রদ ২০০০ সালে তিন মিটার কমানো হয়েছিল। ২০১৬ সালে সোলুখুম্বুর ইমজা হ্রদের জল কমানো হয় প্রায় ৩.৪ মিটার। বিশেষজ্ঞ অ্যালটন সি বাইর্সের মতে, তসো রোলপা হ্রদের জল ২০ মিটার পর্যন্ত কমানোর পরিকল্পনা ছিল। কিন্তু অর্থের অভাবে মাত্র তিন মিটার কমানো হয়।(Nepal Glacial Lakes)

বিজ্ঞানী জেফরি এস কারগেল জানিয়েছেন, ইমজার ক্ষেত্রে অন্তত ১০ মিটার জল কমানোর পরামর্শ ছিল। কিন্তু খরচের কারণে তা সম্ভব হয়নি। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিতেশ খড়কার মতে, দুই-চার মিটার জল কমিয়ে বড়সড় ঝুঁকি কমানো কঠিন।

শুধু হ্রদ নয়, নজর দিতে হবে নিচের এলাকাতেও

নেপালে ২,০০০-এর বেশি হিমবাহের হ্রদ রয়েছে। এখনও মাত্র দু’টির জল কমানো হয়েছে। ২০২০ সালের রিপোর্টে নেপাল, তিব্বত এবং ভারতের মোট ৪৭টি হ্রদকে বিপজ্জনক বলা হয়েছিল। এর মধ্যে নেপালেই রয়েছে ২১টি। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি হ্রদের জন্য আলাদা সমীক্ষা দরকার। উপগ্রহচিত্র, মাঠপর্যায়ের পরীক্ষা, হ্রদের গভীরতা ও জলের পরিমাণ মেপে সম্ভাব্য বন্যার হিসাব করতে হবে। কোথাও জল কমানো দরকার, কোথাও বাঁধ শক্ত করা, আবার কোথাও দ্রুত সতর্কবার্তার ব্যবস্থা করাই বেশি জরুরি। (Nepal Glacial Lakes)

নেপালের বন্যা পূর্বাভাস বিভাগের প্রধান বিনোদ পারাজুলি বলেন, জল কমালেও বিপদ পুরোপুরি দূর হয় না। হঠাৎ বরফ বা পাথরের ধস হ্রদে পড়লে নতুন করে ভয়াবহ ঢেউ তৈরি হতে পারে। তাই দ্রুত সতর্কবার্তার ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজন ভক্ত কৈস্থও মনে করেন, শুধু বড় হ্রদ নয়, ছোট হ্রদগুলিকেও নজরে রাখতে হবে। ২০১৭ সালে বারুন উপত্যকার ০.০১ বর্গকিলোমিটারেরও ছোট লাংমালে হ্রদে বরফ ও পাথরের বিশাল ধস নেমে বড় বন্যা হয়েছিল।

পুরনো তথ্য দিয়ে চলবে না

কারগেলের মতে, পুরনো ঝুঁকি-সমীক্ষা দিয়ে আর কাজ হবে না। ২০২১ সালে ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে বরফ ও পাথরের ধস থেকে ভয়াবহ বন্যা হয়েছিল। ২০১২ সালের নেপালের সেটি বন্যা এবং ২৬ অগস্টের ভোতেকোশি বিপর্যয়ও দেখিয়েছে, পাহাড়ে বিপদের ধরন বদলাচ্ছে।

তাই বিজ্ঞানীদের দাবি, হিমবাহ, হ্রদ, ভূতত্ত্ব, নদী এবং আবহাওয়া—সব দিক একসঙ্গে দেখে নতুন করে ঝুঁকি নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিপজ্জনক এলাকায় নির্মাণকাজেও আরও সতর্ক হতে হবে। (Nepal Glacial Lakes)

আরও পড়ুন :- ভারত-চিন-আমেরিকা ‘দায়ি’, ক্ষতিপূরণের হিসেব নিয়ে রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে নেপাল


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment