আন্তর্জাতিক বাজারের দুর্বলতার প্রভাব পড়ল দেশের সোনার বাজারেও। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর দিল্লির বাজারে ফের কমল সোনার দাম। টানা দ্বিতীয় দিনের মতো দাম পড়ে ১০ গ্রামের সোনা সস্তা হলো ২,১৫০ টাকা। অন্যদিকে, সোনার বিপরীত পথে হেঁটে এদিন দাম বাড়ল রুপোর।
অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম ১০ গ্রামে ২,১৫০ টাকা কমে হয়েছে ১,৫৮,১০০ টাকা। এর আগে গত সেশনে ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৬০,২৫০ টাকা। (Gold Silver Rate)
অন্যদিকে, দু’টি সেশন একই থাকার পর মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী হয়েছে রুপোর দাম। কেজিতে রুপোর দাম ৬০০ টাকা বেড়ে ২,৪১,১০০ টাকা হয়েছে। এই দামেও সমস্ত কর অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ৩ সেপ্টেম্বর রুপোর দাম এক ধাক্কায় ৫,০০০ টাকা বেড়ে ২,৪০,৫০০ টাকা প্রতি কেজি হয়েছিল। এরপর ৪ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বর রুপোর দাম অপরিবর্তিত ছিল।
কেন সোনার দাম কমল?
মূলত আন্তর্জাতিক বাজারে সোনার বাজার দুর্বল হওয়ার কারণেই দিল্লির বাজারে এই পতন বলে মনে করা হচ্ছে। তবে রুপোর ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। ডলারের দাম কিছুটা দুর্বল হওয়ায় রুপোর পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুও কিছুটা সুবিধা পাচ্ছে।
পাক ক্রিকেটারের পায়ে বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো, শুরু জল্পনা
ব্রোকারেজ প্ল্যাটফর্ম Lemonn-এর গবেষণা প্রধান গৌরব গর্গ বলেন, দুর্বল ডলারের কারণে মূল্যবান ধাতুগুলির বাজারে রুপো ফের ঘুরে দাঁড়াচ্ছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য এবং সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের দিকে।
আন্তর্জাতিক বাজারেও এদিন সোনার দাম সামান্য কমেছে। স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪,৪০৪.৪৪ মার্কিন ডলার। বিপরীতে, রুপোর দাম ০.১১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.২৫ ডলার হয়েছে। (Gold Silver Rate)
অর্থাৎ, একদিকে আন্তর্জাতিক বাজারের দুর্বলতার জেরে সোনার দামে চাপ তৈরি হয়েছে, অন্যদিকে দুর্বল ডলার রুপোর দামে কিছুটা গতি এনেছে। আগামী দিনে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য এবং ফেডের সুদের হার সংক্রান্ত প্রত্যাশা মূল্যবান ধাতুর বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।











