সম্পত্তির লোভে বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনবেড়িয়া গ্রামে। নিহত বৃদ্ধের নাম জ্যোতিরিন্দ্রনাথ নস্কর (৭২)। স্থানীয় সূত্রে খবর, হাত-পা বেঁধে বৃদ্ধের উপর অকথ্য অত্যাচার চালাত ছেলে ও বৌমা (Baruipur news)।
Baruipur news: কীভাবে খুন?
মঙ্গলবার বাড়িতেই ছেলে রামপ্রসাদ নস্কর ও পুত্রবধূ শিখা নস্কর মিলে বৃদ্ধের হাত-পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শাবল দিয়ে শরীরের একাধিক জায়গায় খুঁচিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। বৃদ্ধ আর্তনাদ করলে তাঁর মুখ চেপে ধরত বলে অভিযোগ। সূত্রের খবর, মারামারির সময়ে রামপ্রসাদ নস্করের স্ত্রী শিখা নস্করের চোখে আঘাত লাগে বলে অভিযোগ। সেই সময় স্ত্রীকে চিকিৎসা করাতে হাসপাতালে যান রামপ্রসাদবাবু (Baruipur news)।
তখনও হাত-পা বাঁধা অবস্থাতেই ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বৃদ্ধ। বিকেলে ছেলে-বৌমা বাড়ি ফিরে দেখেন মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘরের বিছানায় পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। প্রাথমিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তা হয়নি। খবর ঠিক পৌঁছে যায় আত্মীয়-প্রতিবেশীদের কানে। তাঁরাই বারুইপুর থানায় খবর দেন। বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে খুন করার অপরাধে ছেলে-বৌমার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, সম্পত্তির লোভে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবার উপর অত্যাচার চালাতো ছেলে ও বৌমা। ছেলেই বাবার দুটো হাত বেঁধে শাবল দিয়ে মেরে খুন করেছে বলে অভিযোগ।
খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ইতিমধ্যেই পুত্রবধূ শিখা নস্করকে গ্রেফতার করেছে। ছেলে এখনও পলাতক। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পলাতক ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।










1 thought on “সম্পত্তির লোভে বাবাকে নৃশংস খুন, বারুইপুরে গ্রেফতার পুত্রবধূ, পলাতক ছেলে”