ভরা ভাদ্রেও বর্ষার দাপট পুরোদমে। তবে এখনই বৃষ্টি থামার নাম নেই। বৃহস্পতিবার ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ উত্তরেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে ভারী বৃষ্টি। জারি হলুদ সতর্কতা। বৃষ্টি কমবে উইকেন্ডে (weather update)।
উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আজ নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমের জেলা পুরুলিয়ার পর দিঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত (weather update)।
weather update: মৎস্যজীবীদের সতর্কবার্তা
নিম্নচাপের কারণে আগামিকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওডিশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন পাঁচ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
শুক্রবারেও ভারী বৃষ্টি চার জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে। উইকেন্ডে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। কিছু জেলার দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতা। বাকি সব জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।
শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভবনা। হাওয়া অফিসের তরফে জারি হলুদ সতর্কতা। রবিবারও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
কলকাতায় আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। উইকেন্ড এ বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা কিছুটা বাড়বে।










