ফের ইডির দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। বুধবার সকাল ১০টা নাগাদ ইডির দফতরে পৌঁছন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’র পাস দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার ইডির মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী(indranil sen)।
indranil sen: দ্বিতীয়বার ED-র দফতরে ইন্দ্রনীল
এর আগে ৩০ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন ইন্দ্রনীল সেন। সেইবার তাঁকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ইডির তরফে প্রাক্তন মন্ত্রীকে সমস্ত ব্যাঙ্ক লেনদেনের নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছিল। সেই মতো আজ সকালে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্র নিয়ে ইডির দফতরে হাজিরা দেন ইন্দ্রনীল সেন(indranil sen)।
ইডির দাবি, প্রায় ৩ বছর ধরে ইউনেস্কোর নাম খাটিয়ে বেআইনিভাবে পুজোর পাসের নামে বিপুল টাকা তোলা হতো। সরকারি নিয়ম ভেঙে প্রায় ৮৫ কোটি টাকা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে পাইয়ে দেন। এই ঘটনায় ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী-র মালিকানা সংস্থা মাস-আর্ট-এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এর আগে এই মামলার তদন্তে, গত ২৯ সেপ্টেম্বর ইন্দ্রনীলের হুগলির বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।
ইডি সূত্রে আরও খবর, প্রথমবার প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করায় তাঁর বক্তব্যে বহু অসঙ্গতি ধরা পড়েছে। তিনি ইডিকে সহযোগিতা করেননি। সেইবারই ইডির তরফে ১০ বছরের ব্যাঙ্কের নথি চাওয়া হয়েছিল। সেই নথি নিয়েই বুধবার সকালে ইডির দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।











